সোমবার | নভেম্বর ১৬, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কুড়িগ্রামের রাজারহাটে মুড়ির দোকানে মাসে বিক্রি প্রায় ৩ লাখ টাকা

কুড়িগ্রামের রাজারহাটে মুড়ির দোকানে মাসে বিক্রি প্রায় ৩ লাখ টাকা

মোঃ মজিবর রহমান, কুড়িগ্রামঃ কুড়িগ্রামের রাজারহাটে পাঁচ বন্ধু চাকরির পেছনে না ছুটে নিজেদের কর্মসংস্থান গড়ার স্বপ্ন থেকে গত অক্টোবরের শুরুতে মাত্র ২০ হাজার টাকা পুঁজি নিয়ে শুরু করেন স্বপ্নের মুড়ির দোকান । এখন প্রতিদিন সাত থেকে ১০ হাজার টাকার মুড়ি বিক্রি করছেন তারা। সেই হিসাবে মাসে বিক্রির পরিমাণ দাঁড়াচ্ছে প্রায় তিন লাখ টাকা।

পাঁচ বন্ধুর সবাই উচ্চশিক্ষিত। তাদের মধ্যে দুজন স্নাতকোত্তর এবং অন্য তিনজন স্নাতক (অনার্স) সম্পন্ন করেছেন। পড়াশোনা শেষ করে চাকরির অপেক্ষায় না থেকে নিজেদের শ্রম ও মেধাকে কাজে লাগিয়ে কিছু করার সিদ্ধান্ত নেন তারা।

পাঁচ বন্ধু হলেন নুর আলম, নাহিদ হাসান, আলামিন ইসলাম, মনির হোসেন ও ফেরদৌস আহমেদ।। তাদের সবার বাড়ি রাজারহাট ও তার আশপা‌শের এলাকায়।

প্রতিদিন সকাল থেকেই বাড়িতে চলে তাদের মুড়ির মসলা তৈরির প্রস্তুতি। পাঁচ বন্ধু মিলে নিজেরাই প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করেন, তৈরি করেন বিশেষ মসলা। এরপর সবকিছু নিয়ে বসেন রাজারহাট বাজারের রেললাইনের পাশে। ছোট্ট অস্থায়ী দোকানেই চলে তাদের বেচাকেনা।

সন্ধ‌্যা হলেই রাজারহাট বাজারের রেললাইনের পা‌শে ছোট্ট অস্থায়ী একটি দোকান ঘিরে জমে ওঠে মানুষের ভিড়। কেউ দাঁড়িয়ে মুড়ি খাচ্ছেন, কেউ আবার পরিবারের সদস্যদের জন্য নিয়ে যাচ্ছেন পার্সেল করে। ২০ টাকার এক বাটি মুড়িতে চুইঝাল, রসুন আর বিশেষ মসলার মিশ্রণ। এই স্বাদই অল্প সময়ে ক্রেতাদের কাছে পরিচিত করে তুলেছে দোকানটিকে।

এক বাটিতে চুইঝালের স্বাদ
এই মুড়ির অন্যতম আকর্ষণ চুইঝাল। প্রতি বাটিতে মুড়ির সঙ্গে মেশানো হয় রসুন, চুইঝাল ও বিশেষ মসলা। মাত্র ২০ টাকায় পাওয়া যায় এক বাটি মুড়ি। স্বাদের পাশাপাশি খাবার পরিবেশনের পরিচ্ছন্নতার দিকেও গুরুত্ব দেন তারা।

মুড়ি পরিবেশনে ব্যবহার করা হয় ফুড গ্রেড পেপার। পরিচ্ছন্নভাবে খাবার পরিবেশন করায় ক্রেতাদের মধ্যেও তৈরি হয়েছে আস্থা। আশপাশের স্কুল-কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ আসেন তাদের দোকানে। কেউ দোকানের সাম‌নে দাঁ‌ড়ি‌য়ে খান, আবার কেউ পরিবারের সদস্য কিংবা প্রিয়জনের জন্য নিয়ে যান পার্সেল করে।

ক্রেতাদের উপস্থিতি বাড়ায় অনেক সময় মুড়ি খেতে অপেক্ষা করতে হয়। অল্প সময়ের মধ্যেই রাজারহাটে তাদের চুইঝালের মুড়ি আলাদা পরিচিতি পেয়েছে।

মুড়ি খেতে আসা স্কুলশিক্ষার্থী বাদশা ও করিম বলে, এই মুড়ি অনেক সুস্বাদু। তাদের সেবাও বেশ ভালো। প্রা আমরা মাঝে মাঝে এখানে আসি সুস্বাদু মুড়ি খেতে । মাত্র ২০ টাকায় অনেকটা মুড়ি পাওয়া যায়।

চুইঝালকে ঘিরে নতুন উদ্যোগ

উদ্যোক্তা নুর আলম বলেন, নিজেদের দৈনন্দিন আয়ের একটি ব্যবস্থা করতেই আপাতত এই উদ্যোগ নিয়েছি।

আমাদের একটি কোম্পানি চালু করার পরিকল্পনা আছে। পরবর্তী‌তে আমরা চা এবং ক‌ফি চালু করব।

চুইঝালকে স্থানীয় সম্পদ হিসেবে কাজে লাগানোর বিষয়টিও তাদের উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। নাহিদ হাসান বলেন, আমাদের এলাকায় চুই চাষ হয়। কিন্তু স্থানীয়ভাবে এর ব্যবহার খুব বেশি নেই। এখানকার চুই দেশের দক্ষিণাঞ্চলে চলে যায়। সেই চুইঝাল দিয়েই আমাদের যাত্রা শুরু করেছি। আলহামদুলিল্লাহ, মানুষ আমাদের পণ্য সাদরে গ্রহণ করেছে। প্রতিদিনই অনেক মানুষ আসছেন।

উদ্যোক্তা ফেরদৌস আহমেদ বলেন, এই উদ্যোগ শুধু মুড়ি বিক্রির ব্যবসা নয়, চাকরির পিছনে না ছুটে নিজেদের পায়ে দাঁড়ানোর চেষ্টা। আরেক উদ্যোক্তা আলামিন ইসলাম বলেন, ক্রেতাদের ভালোবাসা ও সহযোগিতা পেলে ভবিষ্যতে এই উদ্যোগ আরও বড় পরিসরে ছড়িয়ে দিতে চাই।

মাসে বিক্রি তিন লাখ টাকার মুড়ি

উদ্যোক্তা মনির হোসেন বলেন, মোটামুটি ২০ হাজার টাকা পুঁজি নিয়ে আমাদের এই যাত্রা শুরু হয়েছে। প্রতিদিন আট থেকে ১০ হাজার টাকার মুড়ি বিক্রি হয়। সেই হিসাবে মাসে প্রায় তিন লাখ টাকার মুড়ি বিক্রি হচ্ছে।

উদ্যোক্তারা জানান, প্রতিদিন তাদের ২৩ থেকে ২৫ কেজি মুড়ি প্রয়োজন হয়। স্থানীয়ভাবে সংগ্রহ করেন চুইগাছ। পাশাপাশি রসুন, বিভিন্ন ধরনের মসলা ও খাবার পরিবেশনের উপকরণ কিনতে হয়। এসব খরচ বাদ দিয়ে লাভের পরিমাণ খুব বেশি থাকে না। তবে নিজেদের উদ্যোগে আয় করতে পারাটাই তাদের কাছে বড় অর্জন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা