জনতা ডেস্ক : দেশের মোবাইল ফোন উৎপাদন খাতে ধীরে ধীরে বাড়ছে স্মার্টফোনের পরিমাণ। একসময় বাজারজুড়ে ফিচার ফোনের প্রাধান্য থাকলেও সেই চিত্র বদলাতে শুরু করেছে। গত সেপ্টেম্বরে দেশে সংযোজিত মোট হ্যান্ডসেটের প্রায় অর্ধেকই ছিল স্মার্টফোন।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত উৎপাদনসংক্রান্ত পরিসংখ্যানে এ চিত্র উঠে এসেছে।
বিটিআরসির তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে দেশে সংযোজিত হ্যান্ডসেটের ৪৯ দশমিক ০৪ শতাংশ ছিল স্মার্টফোন।
গত জুনে এ হার ছিল ৩০ দশমিক ৭১ শতাংশ। বিপরীতে, ফিচার ফোনের হিস্যা জুনের ৬৯ দশমিক ২৯ শতাংশ থেকে কমে সেপ্টেম্বরে দাঁড়িয়েছে ৫০ দশমিক ৯৬ শতাংশে।
স্মার্টফোনের উৎপাদন অংশ জুলাইয়ে ছিল ৩২ দশমিক ২১ শতাংশ। আগস্টে তা বেড়ে ৩৩ দশমিক ৮৩ শতাংশে দাঁড়িয়েছে। সেপ্টেম্বরে এক ধাক্কায় তা প্রায় অর্ধেকে পৌঁছে যায়।
সর্বশেষ মাসেও ফিচার ফোনের উৎপাদন সামান্য বেশি ছিল। তবে দুই ধরনের ফোনের উৎপাদন ব্যবধান প্রায় ঘুচে এসেছে।
এ বিষয়ে বাসসের সঙ্গে কথা বলেন সিম্ফনি মোবাইলের মূল প্রতিষ্ঠান এডিসন গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশনের (এমআইওবি) সভাপতি জাকারিয়া শহীদ। তিনি বলেন, কিস্তিতে স্মার্টফোন কেনার সুযোগ থাকায় গ্রাহকদের মধ্যে এ ধরনের ফোনের প্রতি আগ্রহ বাড়ছে।
উৎপাদকরা কিস্তিতে কেনার সুবিধা দেওয়ায় গ্রাহকদের জন্য স্মার্টফোন কেনা আগের চেয়ে সহজ হয়েছে।
তিনি বলেন, স্মার্টফোনের ব্যবহার বাড়াতে মোবাইল ফোন অপারেটরদের সমন্বিত অফার চালু করা প্রয়োজন।
অপারেটররা এ ধরনের উদ্যোগ নিলে স্মার্টফোনের ব্যবহার আরও বাড়বে।
এদিকে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে মোবাইল ফোনের বাজারেও পরিবর্তন আসছে।
চলতি বছরের প্রথম নয় মাসে দেশে ইন্টারনেট সংযোগ বেড়েছে ৮৮ লাখ ২০ হাজার।
বিটিআরসির হিসাবে, গত জানুয়ারিতে মোট ইন্টারনেট সংযোগ ছিল ১২ কোটি ৮৯ লাখ ৯০ হাজার। সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে ১৩ কোটি ৭৮ লাখ ১০ হাজারে।
এ সময়ে সবচেয়ে বেশি বেড়েছে মোবাইল ইন্টারনেট সংযোগ। নতুন করে যুক্ত হয়েছে ৮০ লাখ ৪০ হাজার সংযোগ। ফলে সেপ্টেম্বরে মোবাইল ইন্টারনেট সংযোগের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ২২ লাখ ৬০ হাজারে।
অন্যদিকে, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) ও পাবলিক সুইচড টেলিফোন নেটওয়ার্ক (পিএসটিএন) সেবার মাধ্যমে ব্রডব্যান্ড সংযোগ বেড়েছে ৭ লাখ ৮০ হাজার।
সেপ্টেম্বরে এ সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৫৫ লাখ ৫০ হাজারে।
ইন্টারনেট ব্যবহারের বিস্তার মোবাইল ফোনের বাজার সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট তৈরি করেছে।
তবে ইন্টারনেট সংযোগ বৃদ্ধির সঙ্গে উৎপাদকদের হ্যান্ডসেট উৎপাদনের সিদ্ধান্তের সরাসরি যোগসূত্র রয়েছে, বিটিআরসির পরিসংখ্যানে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।
নেটওয়ার্ক প্রযুক্তির দিক থেকেও উৎপাদনে পরিবর্তনের চিত্র দেখা যাচ্ছে। গত সেপ্টেম্বরে দেশের কারখানাগুলোতে ৭ লাখ ৯২ হাজার ৪জি হ্যান্ডসেট সংযোজন হয়েছে। গত এপ্রিলের পর এটিই ছিল এক মাসে সর্বোচ্চ উৎপাদন। এপ্রিলে উৎপাদিত হয়েছিল ১০ লাখ ২ হাজার ইউনিট। সেপ্টেম্বরে উৎপাদন আগস্টের ৭ লাখ ৩৫ হাজার এবং জুলাইয়ের ৫ লাখ ৯৯ হাজার ইউনিটকেও ছাড়িয়ে গেছে।
তবে স্মার্টফোনের পরিমাণ বাড়লেও সামগ্রিক উৎপাদনে এখনও এগিয়ে রয়েছে সাধারণ হ্যান্ডসেট। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশে ৯৩ লাখ ১৬ হাজার ২জি হ্যান্ডসেট সংযোজন হয়েছে। একই সময়ে ৪জি হ্যান্ডসেটের উৎপাদন ছিল ৫৩ লাখ ৯৮ হাজার এবং ৫জি হ্যান্ডসেটের উৎপাদন মাত্র ৩ লাখ ৭৪ হাজার।
অর্থাৎ, উন্নত নেটওয়ার্ক প্রযুক্তির হ্যান্ডসেটের তুলনায় প্রচলিত প্রযুক্তির ফোন উৎপাদন এখনও অনেক বেশি।
তবে মাসভিত্তিক উৎপাদনে স্মার্টফোনের অংশ বাড়ছে।
বিটিআরসির তথ্যমতে, প্রথম নয় মাসে দেশে মোট ১ কোটি ৫৫ লাখ ৮৬ হাজার হ্যান্ডসেট উৎপাদিত হয়েছে।
তবে মাসভেদে উৎপাদনের পরিমাণে বেশ পার্থক্য ছিল। এপ্রিলে সর্বোচ্চ ২৭ লাখ ৫ হাজার হ্যান্ডসেট উৎপাদিত হয়। আগস্টে উৎপাদন ছিল ২২ লাখ ৬৬ হাজার এবং জুলাইয়ে ১৮ লাখ ৩৩ হাজার। সেপ্টেম্বরে তা কমে দাঁড়ায় ১৬ লাখ ৪৫ হাজারে।
উৎপাদনের ধরনেও এ সময়ে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। জানুয়ারিতে মোট উৎপাদিত হ্যান্ডসেটের ৫৬ দশমিক ৮৪ শতাংশ ছিল ফিচার ফোন। জুনে তা বেড়ে সর্বোচ্চ ৬৯ দশমিক ২৯ শতাংশে পৌঁছায়।
এরপর থেকে ফিচার ফোনের উৎপাদনের অংশ কমতে থাকে। সেপ্টেম্বরে তা স্মার্টফোনের উৎপাদনের প্রায় সমান পর্যায়ে চলে আসে। অর্থাৎ, দেশের কারখানাগুলোতে সংযোজিত হ্যান্ডসেটের ধরনে ধীরে ধীরে পরিবর্তন ঘটছে।
সেপ্টেম্বরের উৎপাদনচিত্রে দেশের মোবাইল ফোন শিল্পে স্মার্টফোনের অবস্থান শক্তিশালী হওয়ার ইঙ্গিত মিলেছে। তবে উৎপাদনকারীরা দীর্ঘমেয়াদে তাদের উৎপাদন পরিকল্পনায় এ ধরনের পরিবর্তন আনছেন কি না, তা বোঝা যাবে পরবর্তী মাসগুলোর উৎপাদন পরিসংখ্যান থেকে।
