রিয়াজ উদ্দিন, কক্সবাজার : কক্সবাজারের টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। গ্রেপ্তার হওয়া আব্দুল মোতালেব (৩৮) নামের ওই আসামির যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড হয়েছিল।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের দরগারছড়া এলাকায় আইওএম (IOM) অফিসসংলগ্ন আবুল কালাম হোটেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১৫-এর টেকনাফ ক্যাম্প (সিপিসি-১)-এর একটি অভিযানিক দল গোয়েন্দা নজরদারি ও গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার আব্দুল মোতালেব হ্নীলা ইউনিয়নের নাটমুড়াপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আবুল হাসিম এবং মায়ের নাম নুর জাহান।
এসআরবি-১৫-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(গ)/৪১ ধারায় দায়ের করা একটি মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক বছর সশ্রম কারাদণ্ড ভোগের আদেশ দেওয়া হয়। রায় ঘোষণার পর থেকে গ্রেপ্তার এড়াতে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।
গ্রেপ্তারের পর সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল মোতালেবকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদকদ্রব্যের বিস্তার রোধ, মাদক কারবারিদের আইনের আওতায় আনা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
