২২
পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে আরও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে।
দুর্বৃত্তদের ছোড়া ককটেলে কোন হতাহতের ঘটনা ঘটেনি। বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা এখনো জানা যায়নি।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল ইসলাম জানান রাত আনুমানিক নয়টার দিকে দুটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে এর ভিতর একটি বিস্ফোরিত হলেও একটি অবিস্ফোরিত থেকে যায়। কে বা কারা ককটেল নিক্ষেপ করেছে তা এখনো জানা যায়নি। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
