শুক্রবার | নভেম্বর ২০, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ জমি সংক্রান্ত বিরোধে বাবার লাশ দাফনে সন্তানদের বাধা

জমি সংক্রান্ত বিরোধে বাবার লাশ দাফনে সন্তানদের বাধা

মেহেদী হাসান সিরাজী, মহেশপুর (ঝিনাইদহ)) প্রতিনিধি: জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ঝিনাইদহের মহেশপুরে বাবার লাশ দাফনে বাধা দিয়েছেন বাকপ্রতিবন্ধী এক ছেলে ও তিন মেয়ে।

শুক্রবার সকালে মহেশপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গাড়াবাড়ীয়া তরফদার পাড়ায় এই ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত লাশ দাফন করা সম্ভব হয়নি।

মারা যাওয়া ব্যক্তির নাম মোঃ মাহাবুর তরফদার (৮০)। এর আগে বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে যশোরের চৌগাছা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, মোঃ মাহাবুর তরফদারের তিন ছেলে ও তিন মেয়ে রয়েছে। অভিযোগ রয়েছে, বড় ছেলে মনিরুল তরফদার ও ছোট ছেলে শফি তরফদার বাবাকে দিয়ে জোরপূর্বক জমি রেজিস্ট্রি করে নিয়েছেন।

শুক্রবার সকালে বাবার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মেজ ছেলে বাকপ্রতিবন্ধী রফিকুল তরফদার এবং তিন মেয়ে সেলিনা বেগম, পারভীনা আক্তার ও রিনা খাতুন বাড়িতে এসে লাশ দাফনে বাধা দেন। তাদের দাবি, প্রাপ্য জমি ফিরিয়ে না দেওয়া পর্যন্ত তারা বাবার লাশ দাফন করতে দেবেন না। এ সময় তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাবা মাহাবুর তরফদারের সঙ্গে তাদের দেখা করতে দেওয়া হয়নি।

পারিবারিক সূত্রে আরও জানা যায়, গত দুই বছর ধরে বাবার সঙ্গে রফিকুল তরফদার ও তার তিন বোনকে দেখা করতে না দেওয়ায় তারা আদালতে মামলাও দায়ের করেছিলেন।

তবে জমি জোরপূর্বক রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন বড় ছেলে মনিরুল তরফদার ও ছোট ছেলে শফি তরফদার। তাদের দাবি, তারা কোনো জোরজবরদস্তি করেননি; বরং তাদের বাবা নিজ ইচ্ছায় দুই ছেলের নামে জমি রেজিস্ট্রি করে দিয়েছেন।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ভূত পরিস্থিতি নিরসনে স্থানীয়ভাবে দফায় দফায় মীমাংসার চেষ্টা চলছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

এবিষয়ে মহেশপুর থানার ওসি ইমরান আলম জানায় খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা