শুক্রবার | নভেম্বর ২০, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ বেনুবন বৌদ্ধ বিহার পরিদর্শনে রাঙামাটি সদর জোনের উপ-অধিনায়ক

কঠিন চীবর দানোৎসব ও সুবর্ণজয়ন্তী :

বেনুবন বৌদ্ধ বিহার পরিদর্শনে রাঙামাটি সদর জোনের উপ-অধিনায়ক

রাঙামাটি প্রতিনিধি: মো. নাজিম আলী : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোনাইপাড়া বেনুবন সার্বজনীন বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিহারটি পরিদর্শন করেছেন রাঙামাটি সদর জোনের উপ-অধিনায়ক মেজর মো. জুলফিকার রহমান, পিএসসি।

শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) বিকেলে তিনি বিহারটি পরিদর্শন করেন। এ সময় রাঙামাটি সদর জোনের পক্ষ থেকে বিহারের প্রধান ভান্তেকে শুভেচ্ছা উপহার প্রদান করেন তিনি।

পরিদর্শনকালে মেজর মো. জুলফিকার রহমান বলেন, রাঙামাটি সদর জোন ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণ, সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা কাজ করে যাচ্ছে। বেনুবন বৌদ্ধ বিহারের কঠিন চীবর দানোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সদর জোনের পক্ষ থেকে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এবারের কঠিন চীবর দানোত্তম ও সুবর্ণজয়ন্তী উৎসবে প্রায় ২ হাজার থেকে ৩ হাজার বৌদ্ধ ধর্মাবলম্বীর সমাগম ঘটে। উৎসবকে ঘিরে বিহার প্রাঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কাউখালী উপজেলা শাখার সহ-সভাপতি পাইচিংমং, পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের সভাপতি নির্মল বড়ুয়া মিলন এবং বেতবুনিয়া-কাউখালী উপজেলা পিএসটিএসের পুলিশ পরিদর্শক অসীম কুমার বড়ুয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং ধর্মীয় উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে নিরাপত্তা ও সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে রাঙামাটি সদর জোন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা