শুক্রবার | নভেম্বর ২০, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা সাভার-আশুলিয়ায় ছুটির দিনেও ১২৬ পোশাক কারখানায় উৎপাদন

শ্রম অসন্তোষে ২৪ মামলা

সাভার-আশুলিয়ায় ছুটির দিনেও ১২৬ পোশাক কারখানায় উৎপাদন

শ্রমিক অসন্তোষের ঘটনায় গ্রেপ্তার প্রায় ৩০০, দুই শ্রমিক নেতাসহ আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার, শিল্পাঞ্চলে পুলিশ-বিজিবির সতর্ক অবস্থান

সাভার থেকে, ফাহাদ-ই-আজমঃ সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ ও কারখানা বন্ধের কারণে সৃষ্ট উৎপাদন ঘাটতি পুষিয়ে নিতে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারও সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের ১২৬টি তৈরি পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম চালু রাখা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল থেকে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেন। সামগ্রিকভাবে শিল্পাঞ্চলের পরিস্থিতি শান্ত রয়েছে। অন্যদিকে, শ্রমিক অসন্তোষ ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা ২৪টি মামলায় এ পর্যন্ত প্রায় ৩০০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও শিল্পাঞ্চল-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সাম্প্রতিক শ্রমিক আন্দোলন এবং কারখানা বন্ধ থাকার কারণে উৎপাদনে যে ঘাটতি তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতে এবং নির্ধারিত সময়ে রপ্তানি আদেশ সম্পন্ন করতে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও ১২৬টি পোশাক কারখানায় উৎপাদন চালু রাখা হয়। সকাল থেকেই শ্রমিকদের উপস্থিতিতে স্বাভাবিকভাবে কাজ শুরু হয়। এদিন কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

দুই শ্রমিক নেতা গ্রেপ্তার

এদিকে, সাভারে একটি পোশাক কারখানায় হামলা ও ভাঙচুরের মামলায় গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সাভার উপজেলা সভাপতি ইমদাদুল ইসলাম এমদাদসহ দুই শ্রমিক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে সাভার পৌরসভার কাতলাপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, শ্রমিক অসন্তোষ ও কারখানায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাভার ও আশুলিয়া থানায় এ পর্যন্ত মোট ২৪টি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় প্রায় ৩০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার

অন্যদিকে, সাভার, আশুলিয়া ও ধামরাই থানা পুলিশের পৃথক অভিযানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নয় নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সাভারে পাঁচজন, আশুলিয়ায় দুজন এবং ধামরাইয়ে দুজন রয়েছেন। এর আগে বুধবার পুলিশের পৃথক অভিযানে তিন উপজেলা থেকে আরও ২৬ জনকে গ্রেপ্তারের তথ্য পাওয়া গেছে।

শ্রম আইনের ১৩(১) ধারায় কারখানা বন্ধ

শ্রমিক অসন্তোষ ও কর্মবিরতির পরিপ্রেক্ষিতে আশুলিয়ার বেশ কয়েকটি তৈরি পোশাক কারখানা বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শ্রম আইনের এ ধারায় ‘কাজ নেই, মজুরি নেই’ নীতি অনুসরণ করে কারখানা বন্ধ রাখার বিধান রয়েছে।

জিরাবোতে সংঘর্ষের পর নিরাপত্তা জোরদার

এর আগে বৃহস্পতিবার আশুলিয়ার জিরাবো এলাকায় ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনার পর শিল্পাঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে শিল্প পুলিশ, জেলা পুলিশ ও বিজিবি সদস্যদের সতর্ক অবস্থান এবং টহল অব্যাহত রয়েছে। বিশেষ করে বাইপাইল, জামগড়া, নরসিংহপুর, জিরাবো ও হেমায়েতপুর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা দেখা গেছে।

মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

এদিকে, ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। গত বুধবার ও বৃহস্পতিবার সাভারের উলাইল, রাজফুলবাড়িয়া, পদ্মার মোড় ও বাগবাড়ি এলাকায় শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের কারণে তীব্র যানজট সৃষ্টি হয়েছিল। তবে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে যানবাহনের চাপ তুলনামূলক কম থাকায় সড়কে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে।

সাভার বাসস্ট্যান্ড, হেমায়েতপুর, নবীনগর, বাইপাইল, শ্রীপুর ও ডিইপিজেড এলাকায় যানবাহন নির্বিঘ্নে চলাচল করছে। জামগড়া, নরসিংহপুর ও বেরন এলাকাতেও পরিস্থিতি শান্ত রয়েছে। কোথাও নতুন করে সড়ক অবরোধ বা বড় ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের পর শিল্পাঞ্চলে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখা, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা