রবিবার | নভেম্বর ২২, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ খাগড়াছড়িতে মাটি খুঁড়তে গিয়ে মিলল ৮২ মিমি মর্টার শেল সদৃশ গোলা

খাগড়াছড়িতে মাটি খুঁড়তে গিয়ে মিলল ৮২ মিমি মর্টার শেল সদৃশ গোলা

রহিম হৃদয়, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলা সদরের শালবাগান এলাকার পল্লীটিলায় সেফটি ট্যাংক নির্মাণের জন্য মাটি খননকালে ৮২ মিলিমিটার মর্টার শেল সদৃশ একটি গোলা পাওয়া গেছে। শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় পাহাড়ের পাশে মাটি খননের সময় স্থানীয় বাসিন্দা মোঃ বেলাল হোসেন গোলাটি দেখতে পান।

স্থানীয় সূত্রে জানা যায়, মাটির প্রায় এক ফুট গভীরে গোলাটি দেখতে পেয়ে সম্ভাব্য বিস্ফোরক বস্তু সন্দেহে তিনি বিষয়টি স্থানীয়দের জানান। ঘটনাটি খাগড়াছড়ি শহরের উত্তর গঞ্জপাড়া এলাকায় ঘটেছে। পরে তাৎক্ষণিকভাবে বিষয়টি সংশ্লিষ্ট সেনাবাহিনী কর্তৃপক্ষকে অবহিত করা হয়।

খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ ইবি সদর জোনের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে আশপাশের লোকজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেয়। একই সঙ্গে ঘটনাস্থলে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়।

পরবর্তীতে গোলাটিকে সম্ভাব্য বিস্ফোরক হিসেবে বিবেচনা করে বিশেষজ্ঞদের মাধ্যমে শনাক্তকরণ এবং বিধি অনুযায়ী নিরাপদে নিষ্ক্রিয় করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী ২১ নভেম্বর বিশেষজ্ঞ দলের মাধ্যমে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়ে গোলাটি নিষ্ক্রিয় করার পরিকল্পনা রয়েছে।

এদিকে, গোলাটি নিষ্ক্রিয় না করা পর্যন্ত ঘটনাস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে হিল আনসার সদস্যদের দায়িত্ব পালনের কথা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু জানান, মর্টার শেল সদৃশ গোলাটি উদ্ধার করা হয়েছে। বর্তমানে এটি নিরাপত্তা বাহিনীর তত্ত্বাবধানে রয়েছে। সেনাবাহিনীর বিস্ফোরক বিশেষজ্ঞরা এটি নিষ্ক্রিয় করবেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা