রবিবার | নভেম্বর ২২, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ নালিতাবাড়ি সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় নাগরিক আটক

নালিতাবাড়ি সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় নাগরিক আটক

তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, শেরপুর : শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে তিন শিশুসহ ছয় ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার দুপুরে (২০ নভেম্বর) উপজেলার পানিহাতা মিশনমোড় ফেকামারী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) রামচন্দ্রকুড়া বিওপির সদস্যরা ।

বিজিবি জানায়, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার দুপুরে পানিহাতা মিশনমোড় এলাকার পূর্ব দিকে ফেকামারিতে বিশেষ অভিযান পরিচালনা করে রামচন্দ্র কুড়া বিজিবির একটি টহল দল। এ সময় বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ছয়জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে তিনজন শিশু রয়েছে।

আটক ব্যক্তিরা হলেন ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার ডানকুনি থানার মনুহারপুর মল্লিকপাড়ার বাসিন্দা আবিদ মুক্তি (২৬), আনোয়ারা (২০), নুরজাহান খাতুন, আকিব, সাকিব হাসান শেখ (২) ও রাকিব হাসান (৮)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় ২০২৪ সালে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিলেন।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নালিতাবাড়ী থানায় হস্তান্তর করেছে রামচন্দ্রকুড়া বিওপির বিজিবি সদস্যরা ।

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ৩৯ ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো নুরুল আজিম বায়েজিদ এক বিজ্ঞপ্তির মাধ্যমে শুক্রবার রাতে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা