চাঁদপুর থেকে এ কে আজাদ : চাঁদপুরের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, শিক্ষানুরাগী ও প্রবীণ ব্যক্তিত্ব আলহাজ্ব জাহাঙ্গীর আহমদ সেলিম আর নেই। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বার্ধক্যজনিত নানা জটিলতায় আক্রান্ত হয়ে তিনি ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
আলহাজ্ব জাহাঙ্গীর আহমদ সেলিম চাঁদপুরের ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, ক্রীড়া ও সমাজসেবায় ছিলেন এক সুপরিচিত ব্যক্তিত্ব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর (এমএ) এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। আন্তর্জাতিক বাণিজ্য প্রসারে তিনি ফিনল্যান্ডের হেলসিঙ্কি স্কুল অব ইকোনমিকস থেকে ‘ট্রেড প্রমোশন’ বিষয়ে ডিপ্লোমা অর্জন করেন। ১৯৯১ সালে ফিনল্যান্ড সরকারের আমন্ত্রণে বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেন।
ব্যবসায়িক অঙ্গনে তিনি চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের পরিচালক হিসেবেও পরপর সাতবার নির্বাচিত হন। এ ছাড়া তিনি বেসিক ব্যাংক লিমিটেডের পরিচালক, সার্ক চেম্বারের সদস্য এবং বাংলাদেশ লবণ মিল মালিক সমিতির সহসভাপতির দায়িত্ব পালন করেন।
ব্যবসার পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য খাতেও তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে। তিনি পুরানবাজার ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান, পুরানবাজার উচ্চ বালিকা বিদ্যালয়ের সভাপতি এবং পুরানবাজার মার্চেন্টস একাডেমির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
স্বাস্থ্যসেবায় তিনি মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের সহসভাপতি, চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের সাধারণ সম্পাদক এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন চাঁদপুরের সহসভাপতির দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি চাঁদপুর ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁদপুর ইউনিটের চেয়ারম্যান ছিলেন।
চাঁদপুরের ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবার প্রসারে তাঁর দীর্ঘদিনের অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে চাঁদপুরের ব্যবসায়ী, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
