বুধবার | নভেম্বর ২৫, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ বিজয়নগরে ফসলি জমির মাটি কাটার উৎসব, অভিযানেও থামছে না দৌরাত্ম্য

বিজয়নগরে ফসলি জমির মাটি কাটার উৎসব, অভিযানেও থামছে না দৌরাত্ম্য

মো. কেফাইতুল ভুঁইয়া, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ফসলি জমির উপরিভাগের উর্বর মাটি (টপ সয়েল) কেটে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। রাতের আঁধারে ভেকু বা এস্কেভেটর দিয়ে এসব মাটি কেটে বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে। এতে একদিকে যেমন কৃষিজমির উর্বরতা নষ্ট হয়ে জমি চাষাবাদের অনুপযোগী হয়ে পড়ছে, অন্যদিকে মাটিবাহী ট্রাক্টরের অবাধ চলাচলে ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামীণ সড়ক। অবৈধ মাটি কাটা বন্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও জরিমানা করা হলেও থামছে না মাটি কাটার এই দৌরাত্ম্য।

স্থানীয়দের অভিযোগ, উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রভাবশালী একটি চক্র দীর্ঘদিন ধরে ফসলি জমির মাটি কেটে ইটভাটাসহ বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে। বিশেষ করে রাতের আঁধারে ভেকু মেশিন বসিয়ে গভীর গর্ত করে মাটি উত্তোলন করা হচ্ছে। এতে তিন ফসলি জমি ধীরে ধীরে গভীর খাদে পরিণত হচ্ছে। ফলে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি ভবিষ্যতে এসব জমিতে চাষাবাদ নিয়েও শঙ্কা দেখা দিয়েছে।

শুধু কৃষিজমির ক্ষতিই নয়, মাটিবাহী ভারী ট্রাক্টর ও অন্যান্য যানবাহন চলাচলের কারণে উপজেলার বিভিন্ন এলাকার কাঁচা-পাকা সড়কও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে ভোগান্তিতে পড়ছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও পথচারীরা।

ভুক্তভোগী কৃষকদের দাবি, ফসলি জমির মাটি কেটে নেওয়ায় তারা আর্থিক ও কৃষি—উভয় দিক থেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অনেক ক্ষেত্রে প্রভাবশালী চক্রের কারণে প্রতিবাদ করতেও সাহস পাচ্ছেন না স্থানীয়রা।

এদিকে অবৈধভাবে মাটি কাটা বন্ধে বিজয়নগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দেওয়া তথ্য অনুযায়ী, এ পর্যন্ত অবৈধভাবে মাটি কাটার দায়ে দুজনকে জরিমানা, একজনকে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি চারটি অবৈধ ভেকু মেশিন নষ্ট করা হয়েছে।

তবে প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনায় কিছু প্রতিবন্ধকতার কথাও জানানো হয়েছে। ইউএনও জানান, উপজেলার প্রত্যন্ত বিলাঞ্চলে গভীর রাতে অভিযান পরিচালনা করা অত্যন্ত কষ্টসাধ্য ও ঝুঁকিপূর্ণ। এ ছাড়া প্রয়োজনের তুলনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসংখ্যা অপ্রতুল হওয়ায় অভিযান পরিচালনায় নানা সীমাবদ্ধতা রয়েছে।

ইউএনও আরও জানান, অবৈধ মাটি কাটা বন্ধে শুধু উপজেলা প্রশাসনের একক উদ্যোগ যথেষ্ট নয়। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, সাংবাদিক, পরিবেশ অধিদপ্তর ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে সম্মিলিতভাবে ব্যাপক অভিযান পরিচালনা করা প্রয়োজন।

কৃষিজমির উর্বরতা রক্ষা, কৃষি উৎপাদন সচল রাখা এবং গ্রামীণ সড়কগুলোকে ক্ষতির হাত থেকে বাঁচাতে অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িত চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা