শালিখা (মাগুরা) প্রতিনিধি: ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার শালিখায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শালিখা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তানভীর হাসান চৌধুরী। স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহারীন সুলতানা।
স্বাগত বক্তব্যে ডা. শাহারীন সুলতানা বলেন, দেশের অর্থনীতি ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ খাতের উন্নয়নে খামারিদের আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে পশুপালনে উদ্বুদ্ধ করার পাশাপাশি প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে।
সভাপতির বক্তব্যে ইউএনও মো. তানভীর হাসান চৌধুরী বলেন, অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও পুষ্টির চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাতের গুরুত্ব অপরিসীম। এ খাতের উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের গবাদিপশু পালন এবং খামারিদের প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এম সাব্বির হাসান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. কামাল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা খাতুন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মেসবাহউদ্দিন, বাংলাদেশ কৃষি ব্যাংক শালিখা শাখার ম্যানেজার হুমায়ুন কবির, জেলা বিএনপির সদস্য মনিরুজ্জামান চকলেট ও মোতালেব হোসেন সিকদার। এ ছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, খামারি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক পশুপালন পদ্ধতির প্রসার এবং খামারিদের সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
