তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, শেরপুর : শেরপুরের ঝিনাইগাতীতে মসজিদ কমিটির সভাপতি পদ নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা সালেহ আহমেদ (৬০) হত্যার ঘটনায় দায়ের করা মামলার ২০ দিন পেরিয়ে গেলেও কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এতে হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে নিহতের পরিবারে। দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্বজনেরা।
গত ৬ নভেম্বর শুক্রবার দুপুরে উপজেলার নলকুড়া ইউনিয়নের ভারুয়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সালেহ আহমেদ ওই গ্রামের মরহুম আব্দুর রহমানের ছেলে। তিনি স্থানীয় ওয়ার্ড বিএনপির নেতা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার প্রায় ২০ দিন আগে ভারুয়া বাজার জামে মসজিদের সভাপতি নির্বাচিত হন সালেহ আহমেদ। তবে তাঁর সভাপতি নির্বাচিত হওয়া নিয়ে আপত্তি তোলেন একই গ্রামের ছবের আলী তালুকদারের ছেলে নলকুড়া ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল মতিন ও তাঁর সহযোগীরা।
ঘটনার দিন জুমার নামাজের আগে মসজিদ কমিটির সভাপতি নির্বাচন নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মতিনের পক্ষের লোকজন সালেহ আহমেদের ওপর হামলা চালায়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে মুসল্লিরা তাঁকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে শনিবার বিকেলে জানাজা অনুষ্ঠিত হয়। পরে ভারুয়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
এ ঘটনায় নিহতের ছেলে জাকির হোসেন উজ্জ্বল বাদী হয়ে ১৫ জনকে আসামি করে ঝিনাইগাতী থানায় হত্যা মামলা দায়ের করেন। কিন্তু ঘটনার ২০ দিন অতিবাহিত হলেও মামলার কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় হতাশ হয়ে পড়েছে নিহতের পরিবার। বাদি ও স্বজনদের প্রত্যাশা, দ্রুত আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যকর পদক্ষেপ নেবে।
এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম নুর মোহাম্মদ বলেন,আসামিরা পলাতক থাকায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাঁদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
