শুক্রবার | নভেম্বর ২৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা হেমায়েতপুরে পার্কিংয়ে থাকা বাসে আগুন, নেপথ্যে কারা?

হেমায়েতপুরে পার্কিংয়ে থাকা বাসে আগুন, নেপথ্যে কারা?

সাভার থেকে, ফাহাদ-ই-আজমঃ ঢাকার সাভারের হেমায়েতপুর সংলগ্ন জোড়পুল এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে পার্ক করে রাখা লাব্বাইক পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটির ভেতরের সম্পূর্ণ অংশ ও আসন পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, আগুন লাগার খবর পাওয়ার পরপরই দুটি ইউনিট পাঠানো হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাসটির ভেতরে আগুন ছড়িয়ে পড়ে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বাসটিতে পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়ে থাকতে পারে। স্থানীয়দের সঙ্গে কথা বলে এমন সন্দেহের কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

প্রত্যক্ষদর্শীদের একজনের দাবি, মোটরসাইকেলে করে আসা কয়েকজন ব্যক্তি বাসটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যান। তবে এ দাবির সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

অন্যদিকে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানিয়েছেন, বাসটি গত দুই দিন ধরে ওই স্থানে পার্ক করা ছিল। এটি গ্যাসচালিত বাস হওয়ায় আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। নাশকতা নাকি অন্য কোনো কারণে আগুন লেগেছে, তদন্তের পর বিষয়টি স্পষ্ট হবে।

এদিকে বাসে আগুনের ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়নি। অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আসার পরও মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। তবে জোড়পুল এলাকায় কিছু সময় যানবাহনের গতি কমে যায়।

অন্যদিকে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বিকেলেও সাভার বাজার বাসস্ট্যান্ড ও থানা বাসস্ট্যান্ড এলাকায় যানবাহনের চাপ লক্ষ্য করা গেছে। সাম্প্রতিক শিল্পাঞ্চলের অস্থিরতা ও বাসে অগ্নিকাণ্ডের ঘটনার পর হেমায়েতপুর থেকে সাভার বাজার পর্যন্ত মহাসড়কে পুলিশের টহল ও নজরদারি জোরদার করা হয়েছে বলে জানা গেছে। বাসে আগুনের প্রকৃত কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা উদ্‌ঘাটনে তদন্তের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা