শনিবার | নভেম্বর ২৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ সিংগাইরে এক দিনে দুই ঘটনা, সকালে মারধর বিকেলে বাড়িতে আগুন

সিংগাইরে এক দিনে দুই ঘটনা, সকালে মারধর বিকেলে বাড়িতে আগুন

রিপন মিয়া , সিংগাইর (মানিকগঞ্জ) থেকে : মানিকগঞ্জের সিংগাইরে রাজনৈতিক আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে সকালে এক বিএনপি নেতাকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার কয়েক ঘণ্টার ব্যবধানে বিকেলে এক আওয়ামী লীগ সমর্থকের বাড়িতে পেট্রল ঢেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বাড়ির আসবাবপত্রসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার শায়েস্তা ইউনিয়নের নীলটেক গ্রামে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ব্যক্তিগত বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সাবেক উপজেলা বিএনপির কুটিরশিল্পবিষয়ক সম্পাদক ইউনুস গাজী এবং পাশের নীলটেক গ্রামের সাবেক ছাত্রলীগ নেতা শহিদুল ইসলামের মধ্যে বিরোধ চলে আসছিল।

রাজনৈতিক পটপরিবর্তনের পর ৫ আগস্ট-পরবর্তী সময়ে সিংগাইরে একটি রাজনৈতিক নাশকতার মামলায় শহিদুল গ্রেপ্তার হয়ে কারাভোগ করেন।

এ ছাড়া বিএনপি নেতা ইউনুস গাজীর করা সাধারণ ডায়েরির (জিডি) পরিপ্রেক্ষিতে প্রসিকিউশন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে তিনি গ্রেপ্তার হন। গত ১৩ নভেম্বর সিংগাইর থানায় দায়ের করা একটি রাজনৈতিক মামলায়ও শহিদুল ২৭ নম্বর এজাহারভুক্ত আসামি।

স্থানীয়দের দাবি, নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে সম্প্রতি তাঁর সক্রিয়তা নিয়েও এলাকায় আলোচনা রয়েছে। এসব বিষয় নিয়ে দুই পক্ষের বিরোধ ক্রমেই তীব্র হয়ে ওঠে।

এরই ধারাবাহিকতায় শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নীলটেক কবরস্থানের পাশে কথাকাটাকাটির একপর্যায়ে শহিদুল বিএনপি নেতা ইউনুস গাজীকে মারধর করেন বলে অভিযোগ ওঠে।

এ খবর ছড়িয়ে পড়লে বিএনপির নেতাকর্মীরা শহিদুলের বাড়ি ঘেরাও করেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে সিংগাইর থানার এসআই মো. রেজাউল করিম ও এএসআই আব্দুল জলিলের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

এর কয়েক ঘণ্টা পর বিকেল ৪টার দিকে স্লোগান দিয়ে একদল লোক শহিদুলের বাড়িতে হামলা চালিয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এ সময় বাড়ির সব মালামাল পুড়ে যায়। তবে এলাকাবাসীর সহযোগিতায় আগুন পাশের বাড়িতে ছড়িয়ে পড়তে পারেনি।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, অগ্নিসংযোগের ঘটনার ভিডিও ধারণকারী কয়েকজনের মুঠোফোন কেড়ে নেওয়া হয়। পরে সন্ধ্যার দিকে পুলিশের মধ্যস্থতায় ধারণ করা ভিডিও ও ছবি মুছে দিয়ে তাঁদের ফোন ফেরত দেওয়া হয়েছে বলে তাঁরা দাবি করেন।

স্থানীয় বাসিন্দা মুন্নাফ সিকদার বলেন, আসরের নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে তিনি ২০ থেকে ৩০ জনকে লাঠিসোঁটা হাতে দেখতে পান।

এ সময় তাঁরা ‘জিয়ার সৈনিক, এক হও’ স্লোগান দিয়ে চলে যাচ্ছিলেন। তাঁদের বেশির ভাগই নীলটেক, লক্ষ্মীপুর ও কানাইনগর গ্রামের বাসিন্দা বলে তিনি দাবি করেন।

নীলটেক বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, অগ্নিসংযোগের পর বের হওয়া মিছিলে মহিদুর মেম্বার, আবু বক্কার ও তাঁর অনুসারীদের দেখা গেছে।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িটিতে গিয়ে পরিবারের কাউকে পাওয়া যায়নি। প্রতিবেশী হোসেন আলীর স্ত্রী রেহেনা বেগম বলেন, এলাকাবাসীর সহযোগিতায় অল্পের জন্য তাঁদের বাড়িটি আগুনের হাত থেকে রক্ষা পেয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে বিএনপি নেতা ইউনুস গাজীর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। স্থানীয় ইউপি সদস্য মহিদুর রহমান বলেন, শহিদুল বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তিনি এলাকাটিকে ‘গোপালগঞ্জ’ বানানোর চেষ্টা করছেন। তবে কারা বাড়িতে আগুন দিয়েছে, তা তিনি জানেন না বলে দাবি করেন। বিএনপি নেতাকে মারধরের ঘটনাকে কেন্দ্র করেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

ঘটনার পরপরই জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। জেলা পুলিশ সুপার সারোয়ার আলম রাতে স্থানীয় বিএনপি নেতাদের নিয়ে থানায় মতবিনিময় সভা করেন। এ সময় তিনি পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানান।

এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, ‘এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। ব্যক্তিগত রেষারেষি থেকে বিষয়টি এখন রাজনৈতিক দ্বন্দ্বে রূপ নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেননি।’

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা