মোঃ ছানোয়ার হোসেন বাদশা, জলঢাকা নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকায় জমি জবরদখলকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ৯ জনকে বিবাদী করে জলঢাকা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন রফিকুল ইসলাম বসুনিয়া (৭১) নামে এক বৃদ্ধ।
গত ২৮ নভেম্বর শনিবার দুপুরে উপজেলার কৈমারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দীঘিরপাড় মাস্টারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম বসুনিয়া ১৯৯৪ সালে কৈমারী মৌজার ১০১৩১ দাগের ৭.৫০ শতক জমি দলিলমূলে ক্রয় করে দীর্ঘদিন ধরে বসতবাড়ি নির্মাণ করে ভোগদখল করে আসছেন। সম্প্রতি স্থানীয় সাজ্জাদ হোসেন বসুনিয়া, রাইদুল ইসলাম বসুনিয়া ফয়সাল ও এমদাদুল ইসলাম কষাইসহ কয়েকজন ওই জমি জবরদখলের চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
রফিকুল ইসলামের দাবি, ঘটনার দিন প্রতিপক্ষের লোকজন তাঁর বাড়ির দেয়াল ভেঙে রাস্তা নির্মাণের চেষ্টা করেন। এতে বাধা দিলে তাঁরা বাড়িতে প্রবেশ করে ভাঙচুর ও লুটপাট চালান। এ সময় নগদ ২ লাখ টাকা, ৩ ভরি স্বর্ণালংকার নিয়ে যাওয়ার পাশাপাশি টেলিভিশন, সোফাসেটসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়। এতে প্রায় সাড়ে ১৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি তাঁর।
এ ছাড়া রান্নাঘরে আগুন লাগানো এবং তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও করেছেন ওই বৃদ্ধ। বর্তমানে তিনি পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানান।
এ ঘটনায় ৯ জনকে নামীয় বিবাদী করে জলঢাকা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন রফিকুল ইসলাম বসুনিয়া। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
