মো:সিপাউর রহমান, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের পূর্ব কর্মধা গ্রামে এক প্রবাসীর মৌরুসি (পৈতৃক) জমি জবরদখল করে পাকা ঘর নির্মাণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জমির মালিক প্রবাসী আছদ্দর আলীর পরিবার আদালত ও কুলাউড়া থানায় অভিযোগ করেও প্রতিকার পাচ্ছেন না।
অভিযোগ সূত্রে জানা যায়, পৃর্ব কর্মধা গ্রামের প্রবাসী আছদ্দর আলীর মৌরুসি জমিতে জোরপূর্বক পাকা ঘর নির্মাণের চেষ্টা করছেন একই গ্রামের হাবিব মিয়ার ছেলে মো. জাবের। প্রবাসীর পরিবারের দাবি, বার বার বাধা দেওয়ার পরেও আমরা নিরীহ হওয়ার পাকাঘর নির্মাণ করে যাচ্ছে। ইতিমধ্যে বিষয়টি নিয়ে একাধিক বার স্থানীয় ভাবে শালিস বৈঠক হলে বিষয়টির সমাধান হয়নি।
প্রবাসীর স্ত্রী মিনা বেগম অভিযোগ করে বরেন, স্বামী প্রবাসে থাকায় বর্তমানে তিন মেয়ে নিয়ে বাড়িতে বসবাস করি। আমার স্বামীর পৈত্রিক সুত্রে প্রাপ্ত ২ শতক জমিতে জোর পৃর্বক পাকা দালান নির্মাণ করছেন মো: জাবের গং। স্থানীয় কর্মধা ইউনিয়নে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল মিয়াসহ প্রভাবশালী মহলের ইন্ধনে আদালতের নোটিশ ও কুলাউড়া থানার বাধা- নিষেধ স্বত্বেও বিবাদীরা জোরপূর্বক পাকাঘর নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন।
প্রবাসী আছদ্দর আলীর পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে নিজেদের মৌরুসি সম্পত্তি ভোগদখলে থাকলেও এখন জবরদখলের চেষ্টায় তারা বাধার সম্মুখীন হচ্ছেন। আইনি আশ্রয় নেওয়ার পরও কার্যকর প্রতিকার না পাওয়ায় তারা হতাশা প্রকাশ করেছেন।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে জমির সুষ্ঠু তদন্ত, অবৈধ নির্মাণকাজ বন্ধ এবং তাদের মৌরুসি সম্পত্তিতে গৃহ নির্মাণ বন্ধের দাবি জানিয়েছেন।
এবিষয়ে গৃহ নির্মাণকারী মো: জাবের জানান, জমি নিয়ে আদালতে উভয়ের মামলা রয়েছে। পুলিশ নির্মান কাজ বন্ধ করার নির্দেশ দিলেও চেয়ারম্যান- মেম্বার এর মতামত নিয়ে কাজ করছেন বলে দাবি করেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, নির্দেশনা পেয়ে বিরোধপূর্ণ জমীতে পাকাঘর নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য উভয় পক্ষকে জানানো হয়েছে। কেউ আইন না মানলে আদালতের নির্দেশনা অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
