মজিবর রহমান,কুড়িগ্রাম প্রতিনিধিঃ ২১-০৫-২০২৬
কুড়িগ্রামের কেদার ইউনিয়নের সাতানা গ্রামে দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে একটি গুরুত্বপূর্ণ ব্রীজ সংস্কার না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রতিদিন ঝুঁকি নিয়ে পারাপার করছেন স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষ। দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, বহু বছর আগে নির্মিত ব্রীজটির বিভিন্ন অংশ ভেঙে গিয়ে বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ব্রীজের রেলিং ভাঙা, মাঝ খানে বড় বড় গর্ত এবং ফাটল ও নিচের অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় মাঝে মাঝে বড় বড় দুর্ঘটনা ঘটে। এমনকি রিকশা, ভানসহ ছোট ছোট যানবাহন চলাচল করতে পারে না।বিকল্প রাস্তা না থাকায় চরম দুর্ভোগে পড়ছেন এলাকাবাসী।কচাকাটা বাজার থেকে কচাকাটা বিজিবি ক্যাম্প যেতে একমাত্র রাস্তা। তবুও বিকল্প রাস্তা না থাকায় বাধ্য হয়ে মানুষকে এই ঝুঁকিপূর্ণ ব্রীজ দিয়েই চলাচল করতে হচ্ছে।যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার আবেদন করা হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। তখন শিক্ষার্থীদের স্কুলে যাওয়া এবং কৃষিপণ্য পরিবহনেও চরম সমস্যার সৃষ্টি হয়।
এলাকার একাধিক শিক্ষার্থী জানান, প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে ব্রীজ পার হতে হয়। অনেক সময় ভয় পেয়ে ছোট শিশুদের অভিভাবকরা স্কুলে পাঠাতেও চান না।
স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং দ্রুত সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা চলছে।
এদিকে এলাকাবাসীর দাবি, দ্রুত নতুন ব্রীজ নির্মাণ অথবা জরুরি ভিত্তিতে সংস্কার না করলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
কচাকাটার সাতানা গ্রামে ১৫ বছরেও সংস্কার হয়নি ব্রীজ, চরম দুর্ভোগে হাজারো মানুষ
প্রকাশিতঃ মে ২১, ২০২৬, ০৮:১২