ঘুষ ছাড়াই পিরোজপুরে কনস্টেবল পদে চাকরি পেলেন ২১ জন

প্রকাশিতঃ মে ২৫, ২০২৬, ০৫:২৯

এস,এম সিপার,পিরোজপুর প্রতিনিধি

বাংলাদেশ পুলিশের স্বচ্ছ ও ন্যায়সংগত নিয়োগ প্রক্রিয়ার ধারাবাহিকতায় পিরোজপুরে ঘুষ বা প্রভাব খাটানো ছাড়াই কনস্টেবল পদে চাকরি পেলেন ২১ জন তরুণ-তরুণী। দীর্ঘ প্রতিযোগিতা, কঠোর যাচাই-বাছাই এবং মেধা ও যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

রবিবার (২৪মে) বিকালে পিরোজপুর পুলিশ লাইন্সের ড্রিল শেডে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ বোর্ডের সভাপতি ও পিরোজপুরের পুলিশ সুপার মনজুর আহম্মেদ সিদ্দিকী। এ সময় নিয়োগ বোর্ডের সঙ্গে সংশ্লিষ্ট বরগুনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইব্রাহিম, ভোলা জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মেহেদী হাসানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা পুলিশ নিয়োগ বোর্ড সূত্রে জানা যায়, এ নিয়োগ প্রক্রিয়ায় মোট ১ হাজার ৮৪ জন পরীক্ষার্থী আবেদন করেন। প্রাথমিক শারীরিক যোগ্যতা যাচাই শেষে ৫১১ জনকে নির্বাচিত করা হয়। পরে লিখিত পরীক্ষায় অংশ নেন ২৯০ জন প্রার্থী। পুলিশ হেডকোয়ার্টার্সে লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের পর ৪৫ জনকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। পরবর্তীতে সর্বোচ্চ স্বচ্ছতা ও নিরপেক্ষতার ভিত্তিতে ২১ জনকে চূড়ান্তভাবে সুপারিশ করা হয়। এর মধ্যে ২০ জন সাধারণ কোটায় এবং ১ জন মুক্তিযোদ্ধা কোটায় নির্বাচিত হয়েছেন। নির্বাচিতদের মধ্যে ১৯ জন পুরুষ ও ২ জন নারী রয়েছেন। এছাড়া ৫ জনকে অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে।

চাকরিপ্রাপ্তরা মেধা ও যোগ্যতার ভিত্তিতে কোনো ধরনের তদবির বা অর্থ লেনদেন ছাড়াই চাকরি পাওয়ায় বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ফলাফল ঘোষণার পর অনেককে আবেগাপ্লুত হয়ে আনন্দে কাঁদতে দেখা যায়।