এ কে আজাদ, চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরে একটি বাসায় চুরি করতে গিয়ে তিনতলা ভবন থেকে পড়ে আহত এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে শহরের চেয়ারম্যানঘাট এলাকায় এ ঘটনা ঘটে। সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত যুবক বড় স্টেশন কয়লাঘাট এলাকায় থাকতেন। তবে তার নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, সকালে মালয়েশিয়াপ্রবাসী মোহাম্মদ আলীর বাসায় ওই যুবক চুরি করতে ঢোকেন। চুরি শেষে বাসার পেছন দিক দিয়ে নামার সময় তাঁর পা পিছলে যায়। এতে তিনি তিনতলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। এ সময় তার নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল।
পরে স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে তার মৃত্যু হয়।
চাঁদপুর সদর মডেল থানার পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
