এস.এম.নাহিদ : খিলক্ষেত থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব খান স্বপন (৬৫) আর নেই। বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোর ৫টার দিকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: শওকত উল ইসলাম সৈকত ও সিএম আনোয়ার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, রাত ৩টার পর নিজ বাসায় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন সোহরাব খান স্বপন। ব্যথা বাড়তে থাকলে পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। তিনি নিজেই হেঁটে জরুরি বিভাগে গিয়ে চিকিৎসকের শরণাপন্ন হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। ভোর আনুমানিক ৫টার দিকে নিজ কন্যার হাতের ওপরেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সোহরাব খান স্বপন দীর্ঘ রাজনৈতিক জীবনে বিএনপির বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি ১৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্বে ছিলেন। পরে খিলক্ষেত থানা যুবদলের সভাপতি এবং খিলক্ষেত থানা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি খিলক্ষেত থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন। পাশাপাশি তিনি খিলক্ষেত ব্যবসায়ী সমিতির সভাপতির দায়িত্বও পালন করেছেন। দলীয় নেতাকর্মীদের ভাষ্য, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দলের প্রতি নিষ্ঠা ও আনুগত্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এ সময়ে তিনি বিভিন্ন রাজনৈতিক মামলা, হামলা ও কারাবরণের মুখোমুখি হয়েছেন।
সোহরাব খান স্বপনের আকস্মিক মৃত্যুতে খিলক্ষেত থানা বিএনপির নেতাকর্মী, রাজনৈতিক সহযোদ্ধা ও স্থানীয় ব্যবসায়ী মহলে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীরা শোক প্রকাশ করে পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তাঁর মৃত্যুতে খিলক্ষেত থানা বিএনপির রাজনৈতিক অঙ্গনে একটি শূন্যতা তৈরি হয়েছে বলে জানিয়েছেন সহকর্মীরা।
