মনোয়ার হোসেন সোহেল, ঘাটাইল টাঙ্গাইল প্রতিনিধিঃ পুকুরে গোসলের সময় পানিতে ডুবে হাসিবুর রহমান (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার দুপুর ১টার দিকে ফুটবল খেলা শেষ করে সবার মত হাসিবুর নিজেও গোসল করতে যায়। কিন্তু ঘরে ফেরা হলোনা তার ।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) রাণীঘাট পুকুরের গোসল জীবনের শেষ গোসল ।
হাসিবুর বিশ্ববিদ্যালয় সংলগ্ন জেলা সদরের বাগবাড়ি এলাকার তারা মিয়ার ছেলে। হাসিবুর রহমান স্থানীয় একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকানে কাজ করত।
বিষয়টি নিয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আরও কয়েকজনের সাথে ফুটবল খেলা শেষে হাসিবুর রহমান টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাণীঘাট পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে হাসিবুর রহমান পানিতে ডুবে যায়। পরে উপস্থিত ব্যক্তিরা হাসিবুর রহমানকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদ এ ঘটনা নিশ্চিত করেছেন।
সন্তোষ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস এম আব্দুস সুবাহান বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
