মোহাম্মদ কেফাইতুল ভুঁইয়া, বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, “বিএনপি সরকার লুটপাটের জন্য আসেনি, মানুষের ভাগ্য উন্নয়নের জন্য এসেছে।”
তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের ছয় মাসের মধ্যেই নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কাজ শুরু করেছে। নির্বাচনী ইশতেহারে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের যে প্রতিশ্রুতি ছিল, তা ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে। পাশাপাশি সরকার কৃষি কার্ড চালুর উদ্যোগ নিয়েছে। এ কার্ডের মাধ্যমে কৃষকরা ন্যায্যমূল্যে সার, কীটনাশকসহ কৃষি উপকরণ সহজে পাবেন।
শ্যামল এমপি আরও বলেন, বর্তমান সরকার মানুষের ভাগ্য উন্নয়নে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ফ্যামিলি কার্ড বাস্তবায়নের কাজও এগিয়ে চলছে। ইতোমধ্যে তথ্য সংগ্রহের জন্য জনবল নিয়োগ করা হয়েছে। তারা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন এবং অসচ্ছল পরিবারগুলোকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে।
তিনি বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকার দেশকে ধ্বংসস্তূপে পরিণত করে গেছে। এর ফলে বর্তমানে আর্থিক সংকট, গ্যাস ও বিদ্যুৎ নিয়ে সাময়িক কিছু সমস্যা দেখা দিয়েছে। এসব সংকট সমাধানে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। সমস্যাগুলো রাতারাতি দূর করা সম্ভব নয়। তাই সংকট সমাধানে সবাইকে ধৈর্য ধরতে হবে। শিগগিরই এসব সমস্যার সমাধান হবে।”
শনিবার (২২ আগস্ট) বিকেল ৫টায় বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের নিদারাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হরষপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল মান্নানের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপি নেতা অ্যাডভোকেট ইমাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সহ-সভাপতি এবিএম মমিনুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান এবং উপজেলা প্রকৌশলী মো. আশিকুর রহমান ভূঞা।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু হানিফ। স্বাগত বক্তব্য দেন ইউপি সদস্য মো. নাছির উদ্দিন।
এছাড়াও অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
