শুক্রবার | নভেম্বর ৬, ২০২৬
প্রচ্ছদ জাতীয় রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির ৭ দিনব্যাপী কর্মসূচি

রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির ৭ দিনব্যাপী কর্মসূচি

জনতা ডেস্ক : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ৭ দিনব্যাপী নানান কর্মসচি পালিত হবে।

রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন বাসসকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বরের গুরুত্ব অপরিসীম। এদিনের গুরুত্ব তুলে ধরতে আমরা জেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে এবার রাঙামাটি জেলা উপজেলায় ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছি। কর্মসূচি সফল করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

কর্মসচির প্রথম দিন ৭ নভেম্বর রাঙামাটি নগর বিএনপির আয়োজনে সকাল ৬টায় বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হবে।

দিবসটি উপলক্ষে সকাল ১০টায় দলীয় কার্যালয়ে জেলা ওলামাদলের আয়োজনে এতিম শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ, বেলা ১১টায় জেলা দলীয় কার্যালয় থেকে শহরের নিউমার্কেট চত্বর পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালি, বিকেল ৩টায় রিজার্ভ বাজার ক্রীড়া পরিষদের আয়োজনে রিজার্ভ বাজার শহীদ আব্দুর শুক্কুর স্টেডিয়ামে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন, সন্ধ্যা সাড়ে ৬টায় দলীয় কার্যালয় হলরুমে আলোচনা সভা এবং সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা জাসাসের আয়োজনে দলীয় কার্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

এছাড়াও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলাসহ ১০টি উপজেলায় পর্যায়ক্রমে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি পালিত হবে বলে জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন।

জেলা বিএনপি ছাড়াও জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকেও জেলা উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা