বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ হবিগঞ্জ-৩ আসনে প্রায় ৪০০ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা

হবিগঞ্জ-৩ আসনে প্রায় ৪০০ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা

লিটন পাঠান, হবিগঞ্জ: জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছের উদ্যোগে হবিগঞ্জ-৩ নির্বাচনী এলাকায় প্রায় ৪০০ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে হবিগঞ্জ পৌরসভায় প্রায় ১৮০ কোটি টাকা এবং সদর, শায়েস্তাগঞ্জ ও লাখাই উপজেলায় প্রায় ২০০ কোটি টাকার বিভিন্ন প্রকল্প রয়েছে।
সোমবার (২৪-আগস্ট) বেলা সাড়ে ১১টায় হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এক পরামর্শ সভায় এসব উন্নয়ন প্রকল্পের পরিকল্পনা গ্রহণ করা হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ।

সভায় হবিগঞ্জ পৌরসভার উন্নয়নে প্রায় ১৮০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়। এর মধ্যে চৌধুরী বাজার ও সিনেমা হল বাজারে কিচেন মার্কেট নির্মাণ, পুরোনো পৌরসভা সড়কে আধুনিক বহুতল ভবন নির্মাণ, ট্রাক টার্মিনাল স্থাপন এবং শহরের ড্রেন, কালভার্ট ও রাস্তাঘাট উন্নয়নের পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া হবিগঞ্জ সদর, শায়েস্তাগঞ্জ ও লাখাই উপজেলায় প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন সেতু-কালভার্ট, অবকাঠামো ও গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়নের প্রকল্প নেওয়া হয়েছে।

সভায় হুইপ জি কে গউছ বলেন, উন্নয়নের সুফল যেন সাধারণ মানুষের কাছে পৌঁছে এবং দীর্ঘমেয়াদে এলাকার যোগাযোগ ও নাগরিক সুবিধার উন্নতি হয় এ বিষয় বিবেচনায় রেখেই প্রকল্পগুলো নেওয়া হচ্ছে।

সভায় হুইপের পিএস আমিন আল পারভেজ, হবিগঞ্জ পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মঈনুল হক, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আবু জাহের, শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, প্রকল্পগুলো বাস্তবায়িত হলে হবিগঞ্জ পৌরসভার নাগরিক সুবিধা ও অবকাঠামোর উন্নয়নের পাশাপাশি সদর, শায়েস্তাগঞ্জ ও লাখাই উপজেলার যোগাযোগব্যবস্থায়ও গতি আসবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা