পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সর্বস্তরের জনগণকে আন্তরিক ধন্যবাদ

প্রকাশিতঃ মে ২৪, ২০২৬, ১৪:০৪

মো. মঞ্জুর মোল্লা :  প্রিয় সেনবাগ ও সোনাইমুড়ীবাসী, আসসালামু আলাইকুম। বিগত সাড়ে তিন মাসের মধ্যে জাতীয়তাবাদী দলের সরকার ও জনগণের আস্থা নিয়ে, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের মাধ্যমে আমরা সরকারের দায়িত্বভার গ্রহণ করেছি। দায়িত্ব গ্রহণের পর থেকেই আমাদের সরকারপ্রধান, জাতীয়তাবাদী দলের সুযোগ্য চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনপূর্ব ঘোষিত নির্বাচনী ইশতেহার অক্ষরে অক্ষরে পালন করা হচ্ছে।
ইতিমধ্যেই ফ্যামিলি কার্ড বিতরণ, দেশব্যাপী খাল খনন কর্মসূচি, কৃষকদের ঋণ মওকুফ, ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম ও মোয়াজ্জিনদের ভাতা প্রদান এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতের আমূল পরিবর্তনসহ জনগণের সেবামূলক প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আমাদের সরকার নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছে। সকাল থেকে রাত পর্যন্ত সরকারপ্রধান, মন্ত্রী মহোদয়গণ এবং নিজ নিজ এলাকার মাননীয় সংসদ সদস্যগণ সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিয়োজিত আছেন। এলাকায় এলাকায় কাবিকা, টিআর, নগদ অর্থ, ভিজিএফ কার্ড বিতরণ এবং গ্রামীণ সড়ক উন্নয়নের কাজ শুরু হয়েছে, যার সুফল সেনবাগ উপজেলাও পেতে শুরু করেছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আন্তরিকতায় সেনবাগেও সফলভাবে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে।
আপনারা জানেন, আমি আপনাদের ভালোবাসায় ৬ বার নির্বাচিত এমপি হিসেবে সততার সাথে জনগণের সেবা করে যাচ্ছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, সেনবাগের স্থানীয় প্রশাসন, হাসপাতাল ও ভূমি অফিসের কিছু সংখ্যক কর্মকর্তা-কর্মচারী এখনো বিগত স্বৈরাচারী সরকারের এজেন্ট হিসেবে কাজ করার চেষ্টা করছে। নিষিদ্ধ ঘোষিত দলের সাথে সম্পৃক্ততা এবং দীর্ঘদিন একই কর্মস্থলে থাকার কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সরকারি নিয়ম অনুযায়ী তাদের বদলি করছেন। এই বদলি প্রক্রিয়ার সাথে সংসদ সদস্য হিসেবে আমার কোনো ব্যক্তিগত সম্পৃক্ততা নেই। এটি সম্পূর্ণ প্রশাসনিক প্রক্রিয়া।
একটি জরুরি সতর্কবার্তা ও আহ্বান:
সাম্প্রতিক সময়ে আমার কানে এসেছে যে, কিছু ব্যক্তি আমার নাম ব্যবহার করে বিভিন্ন ক্ষেত্রে চাঁদাবাজির চেষ্টা করছে। দলের নামধারী কোনো নেতাকর্মী বা অন্য কেউ যদি এই ধরনের অপকর্ম বা চাঁদাবাজির সাথে জড়িত থাকে, তবে সরাসরি আমার ব্যক্তিগত নম্বরে যোগাযোগ করে আমাকে জানান। (আমি নিশ্চিত করছি, আপনাদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে)।
জনস্বার্থে এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিষয়টি অত্যন্ত জরুরি, তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাদের অবহিত করলাম। আসুন, আমরা সবাই মিলে একটি চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত সেনবাগ গড়ে তুলি।
সবাইকে আবারও পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক!