স্টাফ রিপোর্টার : সত্য, বস্তুনিষ্ঠতা ও স্বাধীন সাংবাদিকতার প্রত্যয় নিয়ে দৈনিক জনতা ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিক নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা দৈনিক জনতার দীর্ঘ পথচলার স্মৃতিচারণ করেন এবং আগামী দিনে আরও দায়িত্বশীল ও শক্তিশালী ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনী চৌধুরী, কিশোরগঞ্জ-৫ আসনের বিএনপি নেতা সৈয়দ এনামুল হুদা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশিদ আলম,বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি কে এম মহসিন, সিনিয়র ফটোসাংবাদিক বুলবুল আহমেদ, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম রিপন অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দৈনিক জনতার বার্তা সম্পাদক হাবিবুর রহমান, মফস্বল ইনচার্জ ও বিশেষ প্রতিনিধি জাহাঙ্গীর খান বাবু এবং বরিশাল ব্যুরো চিফ এ আর প্রিন্স প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং একটি গণমাধ্যম কমিশন গঠনে সরকার কাজ করছে। তিনি বলেন, দায়িত্ব পালনের সময় কমিশন গঠনের প্রক্রিয়াটি এগিয়ে নেওয়া হয়েছে। আগামী দিনে সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে এর বাকি কাজ সম্পন্ন করার প্রত্যাশা রয়েছে।
তিনি দৈনিক জনতার প্রকাশক ও সংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, প্রতিষ্ঠানটিকে আধুনিক ও লাভজনক গণমাধ্যম হিসেবে গড়ে তুলতে আরও মনোযোগী হতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত নীতিমালা ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
জহির উদ্দিন স্বপন বলেন, দৈনিক জনতা তার দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আরও দায়িত্বশীল ও শক্তিশালী গণমাধ্যম প্রতিষ্ঠান হিসেবে ঘুরে দাঁড়াবে এটাই প্রত্যাশা।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনী চৌধুরী বলেন, “আশা করি দৈনিক জনতা সত্যিকার অর্থেই দৈনিক জনতার পত্রিকা হয়ে উঠবে।” সাংবাদিকতা সত্যের আরাধনা উল্লেখ করে তিনি বলেন, আংশিক নয়, সাংবাদিকতায় পুরো সত্য তুলে ধরতে হবে। ফ্যাসিবাদী সময়ের গণমাধ্যমের যে চরিত্র তৈরি হয়েছিল, সেখান থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের সত্য ও জাতির স্বার্থে কাজ করতে হবে।
তিনি বলেন, দুর্নীতি, দুঃশাসন ও অপশাসনের বিরুদ্ধে প্রশ্ন তোলাই সাংবাদিকতার অন্যতম দায়িত্ব। ক্ষমতাবানদের প্রশ্ন করাই সাংবাদিকতার কাজ। সৎ, বস্তুনিষ্ঠ ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে সাংবাদিকদেরও দাসত্বের মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।
সাংবাদিকদের বেতন-ভাতা প্রসঙ্গে কাদের গনী চৌধুরী বলেন, অনেক পত্রিকায় সাংবাদিকদের নিয়মিত বেতন দেওয়া হয় না। “বেতন দেওয়ার সক্ষমতা না থাকলে পত্রিকা খুলে সাংবাদিকদের খাটানো যাবে না। সাংবাদিকদের বেতন না দিয়ে পত্রিকা প্রকাশক এটা আমরা মেনে নেব না।”
মোগল সম্পাদকদের দাপটে প্রকৃত সাংবাদিকরা কোণঠাসা হয়ে পড়েছেন উল্লেখ করে তিনি বলেন, এই অপবাদ থেকে দৈনিক জনতা মাথা উঁচু করে দাঁড়াবে এবং আরও এগিয়ে যাবেএটাই তার প্রত্যাশা।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশিদ আলম বলেন, ৪৩ বছরের পথচলায় দৈনিক জনতা বাংলাদেশের গণতন্ত্র ও আন্দোলন-সংগ্রামের বিভিন্ন পর্যায়ে কখনো ইতিবাচক, কখনো নেতিবাচক ভূমিকা রেখে এগিয়ে গেছে। প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি পত্রিকাটির সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেন, মফস্বল সাংবাদিকদের বাস্তব অবস্থা জানতে তিনি দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় গিয়েছেন। সেখানে সাংবাদিকদের অন্যতম প্রধান সমস্যা হিসেবে বেতন না পাওয়ার বিষয়টি উঠে এসেছে।
তিনি বলেন, নৈতিক সাংবাদিকতা নিশ্চিত করতেই ১৯৭৪ সালের প্রেস কাউন্সিল আইন করা হয়েছিল। তবে বাস্তবে প্রেস কাউন্সিলে যেসব অভিযোগ আসে, তার অনেকগুলোই সঠিকভাবে দায়ের করা হয় না। গুজব, ভুয়া সংবাদ ও জাতীয় স্বার্থবিরোধী সংবাদ প্রকাশের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রেস কাউন্সিল আইন সংশোধনের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
দৈনিক জনতার সম্পাদকমণ্ডলীর সভাপতি সৈয়দ এম আলতাফ হোসাইন বলেন, ১৯৮৩ সাল থেকে দৈনিক জনতা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে দেশের প্রতিটি সংকট ও সংগ্রামে ভূমিকা রেখে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভক্ষণে তিনি পত্রিকাটির প্রতিষ্ঠাতা ও তার বড় ভাই মরহুম সৈয়দ এম আনোয়ার হোসাইনের আত্মার মাগফিরাত কামনা করেন।
তিনি বলেন, আগামী দিনেও যেকোনো অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে দৈনিক জনতা সোচ্চার থাকবে। পাঠক ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় পত্রিকাটির অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের সঞ্চালক ও দৈনিক জনতার সম্পাদক ওবায়দুর রহমান শাহীন পত্রিকাটির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দৈনিক জনতার জেলা ও উপজেলা প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়ে পত্রিকাটিকে আরও এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন।
পরে প্রধান অতিথি জহির উদ্দিন স্বপনসহ অতিথিরা কেক কেটে দৈনিক জনতার ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। বিভিন্ন সাংবাদিক সংগঠন ও দৈনিক জনতা পরিবারের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানকে ঘিরে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হল সাংবাদিকদের পদচারণায় মুখর হয়ে ওঠে। বক্তারা দৈনিক জনতার দীর্ঘ পথচলার বিভিন্ন স্মৃতি তুলে ধরেন এবং পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
এদিকে বিকেলে দৈনিক জনতা কার্যালয়ে বিভিন্ন গণমাধ্যম ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ফুলের তোড়া নিয়ে এসে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান।বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজ পেপার প্রেস ওয়ার্কার্স এর সভাপতি আলমগীর হোসেন খান ও মহাসচিব মোশতাক আহমেদ ফুলের তোরা দিয়ে দৈনিক জনতার সম্পাদক ওবায়দুর রহমান শাহীনসহ কর্মকর্তাদের শুভেচ্ছা জানান।
এর আগে দৈনিক জনতার জেলা ও উপজেলা প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় দৈনিক জনতার প্রকাশক সৈয়দ মোহাম্মদ আতিকুল হাসান বক্তব্য দেন। প্রতিনিধিরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরার পাশাপাশি পত্রিকাটিকে আরও শক্তিশালী ও পাঠকপ্রিয় করতে নানা পরিকল্পনা তুলে ধরেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দৈনিক জনতা কার্যালয়ও নতুন সাজে সাজানো হয়। আগত অতিথি ও প্রতিনিধিদের শুভেচ্ছা ও উপহারসামগ্রী দেওয়া হয়।
দিনের শেষভাগে দৈনিক জনতার সম্পাদকমণ্ডলীর সভাপতি সৈয়দ এম আলতাফ হোসাইন পত্রিকা কার্যালয়ে এসে বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেন। তিনি নারী কর্মীদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
পরে তিনি দৈনিক জনতার সম্পাদকের কক্ষে প্রবেশ করে পত্রিকাটির প্রয়াত প্রকাশক সৈয়দ এম আনোয়ার হোসাইনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এ সময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়লে কার্যালয়ে উপস্থিত সংবাদকর্মীদের মধ্যেও নেমে আসে আবেগঘন নীরবতা। সবাই মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।
৪৩ বছরের গৌরবময় পথচলা পেরিয়ে দৈনিক জনতা পরিবার নতুন প্রত্যয়ে এগিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে। দেশের বিভিন্ন এলাকাতেও নানা আয়োজনের মধ্য দিয়ে দৈনিক জনতার ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হচ্ছে।
