রবিবার | নভেম্বর ৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা সাভার-আশুলিয়ায় কাজে ফিরেছেন পোশাকশ্রমিকরা, অধিকাংশ কারখানায় উৎপাদন স্বাভাবিক

সাভার-আশুলিয়ায় কাজে ফিরেছেন পোশাকশ্রমিকরা, অধিকাংশ কারখানায় উৎপাদন স্বাভাবিক

সাভার থেকে, ফাহাদ-ই-আজম: মজুরি বৃদ্ধির দাবিতে টানা ছয় দিনের আন্দোলন ও ছুটি শেষে কাজে ফিরেছেন সাভার ও আশুলিয়ার তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। রোববার (৮ নভেম্বর) সকাল থেকে অধিকাংশ কারখানায় শ্রমিকদের উপস্থিতিতে স্বাভাবিকভাবে শুরু হয়েছে উৎপাদন কার্যক্রম।

সকালে সাভার ও আশুলিয়ার বিভিন্ন শিল্প এলাকা ঘুরে দেখা যায়, নির্ধারিত সময়ের মধ্যেই শ্রমিকরা নিজ নিজ কর্মস্থলে প্রবেশ করছেন। অধিকাংশ কারখানার ভেতরে মেশিন চালু রয়েছে এবং স্বাভাবিক গতিতে চলছে উৎপাদন।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু জানান, আশুলিয়া শিল্পাঞ্চলে সকালে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন। তবে সকাল ১০টার পর আশুলিয়ার ছয়তলা এলাকার কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন করে কারখানা থেকে বেরিয়ে যান। এ সময় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এদিকে শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্ট ও বিভিন্ন কারখানার সামনে পুলিশ, বিজিবিসহ অন্যান্য বাহিনীর সদস্যদের মোতায়েন রাখা হয়েছে।

অধিকাংশ কারখানায় উৎপাদন কার্যক্রম চালু থাকলেও আশুলিয়ার মেডলার, দি রোজ, এনবয়, নিট এশিয়া ও এস২১-সহ কয়েকটি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে বলে জানা গেছে। এসব কারখানার শ্রমিকদের কাজে ফেরাতে শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলের পরিস্থিতি সম্পর্কে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তরিকুল ইসলাম বলেন, সামগ্রিকভাবে শিল্পাঞ্চলের পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। সরকারের দেওয়া নির্দেশনা এবং পুলিশের সঙ্গে আলোচনার ভিত্তিতে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে ফিরে গেছেন।

কয়েকটি কারখানায় উৎপাদন বন্ধ থাকার বিষয়ে তিনি বলেন, শত শত কারখানার মধ্যে দু-একটি প্রতিষ্ঠানে উৎপাদন বন্ধ কিংবা কর্মবিরতি থাকতে পারে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টিতে সামগ্রিক পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে।

এদিকে শ্রমিক অসন্তোষ ও সহিংসতার ঘটনায় সাভার ও আশুলিয়া এলাকায় এ পর্যন্ত প্রায় ১৫টি মামলা হয়েছে। এসব মামলায় শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে প্রকৃত পোশাকশ্রমিকের সংখ্যা খুবই কম। আন্দোলনে উসকানি ও সহিংসতায় জড়িত থাকার অভিযোগে এসব মামলা এবং গ্রেপ্তার অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সাভার মডেল থানা ও আশুলিয়া থানা এলাকায় যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা