নীলফামারীতে র‌্যাবের অভিযানে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

প্রকাশিতঃ মে ২৫, ২০২৬, ১৩:৫৬

এন.এম হামিদী বাবু নীলফামারীঃ নীলফামারীর সৈয়দপুর থেকে অনলাইনভিত্তিক চার জুয়াড়িকে গ্রেপ্তার করেছে র‌্যাব নীলফামারী ক্যাম্পের অভিযানিক দল।
রবিবার মধ্যরাতে উপজেলার খাতামধুপর ইউনিয়নের তেলিপাড়া এলাকা থেকে জুয়া খেলার সরঞ্জামাদিসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জুয়াড়িরা হলেন, তেলিপাড়া এলাকার আইজ উদ্দিন বিশ্বাসের তিন ছেলে মো. সাইফুল ইসলাম, মো. সোহেল রানা ও মো. হাছিনুর রহমান এবং বাবুল চন্দ্র রায়ের ছেলে রিপন রায়।
তাদের কাছ থেকে জুয়ার কার্যক্রম পরিচালনায় ব্যবহৃত ১০টি মোবাইল ফোন, একটি কম্পিউটার ও নগদ এক লাখ একচল্লিশ হাজার টাকা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে র‌্যাব নীলফামারী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. আশরাফুল কবীর জানান, গ্রেপ্তার জুয়াড়িরা বিভিন্ন অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম ব্যবহার করে অবৈধ জুয়ার কার্যক্রম পরিচালনা করে আসছিল। তারা নগদ, বিকাশ ও উপায়সহ বিভিন্ন মোবাইল আর্থিক সেবা (এমএফএস) ব্যবহার করে গ্রাহকদের সঙ্গে লেনদেন করত।
তিনি আরও জানান, থাইল্যান্ডভিত্তিক অনলাইন ক্যাসিনো চক্রের সঙ্গে তাদের সম্পৃক্ততা ও লেনদেনের সত্যতা পাওয়া গেছে।
র‌্যাব ক্যাম্প সূত্র জানায়, এ ঘটনায় সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করে গ্রেপ্তার ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম জানান, গ্রেপ্তার চার জুয়াড়ি থানায় রয়েছেন। শিগগিরই তাদের আদালতে হাজির করা হবে।