মনোয়ার হোসেন সোহেল ঘাটাইল টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতী বল্লা এলাকায় পুকুর থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল।
স্থানীয়রা জানান, নিহত আশিক কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বাসিন্দা মাইদুল ইসলামের ছেলে। তারা পরিবার নিয়ে কালিহাতীর বল্লা পশ্চিমপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, বিকালে বল্লা করোনেশন স্কুল অ্যান্ড কলেজের পুকুরে সাঁতার কাটতে নামে আশিক। একপর্যায়ে সে পানিতে ডুবে নিখোঁজ হয়।
পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আশিকের মরদেহ উদ্ধার করে।
কালিহাতী থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান আসাদ জানান, শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
