বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ মৃত্যুর স্রোতের মাঝে ‘অজেয় দুর্গ’, নেপালের বিস্ময় কর সবুজ বাড়ি

মৃত্যুর স্রোতের মাঝে ‘অজেয় দুর্গ’, নেপালের বিস্ময় কর সবুজ বাড়ি

জনতা ডেস্ক : প্রকৃতির রুদ্ররোষেও অটুট ‘সবুজ বাড়ি ’। নেপালের ধ্বংসস্তূপের মাঝে অলৌকিক রক্ষা গোটা পরিবারের। প্রকৃতির ভয়ংকর তাণ্ডবে কার্যত মৃত্যুপুরী নেপাল। বিধ্বংসী হড়পা বানের কবলে পড়ে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন প্রায় ৭০০ মানুষ। নিখোঁজের তালিকায় রয়েছেন তিন শতাধিক ভারতীয়ও। নদী ও পাহাড়ি ঢলের প্রবল জলোচ্ছ্বাসে আস্ত সেতু, পাকা বাড়িঘর থেকে শুরু করে সবকিছুই তাসের ঘরের মতো গুঁড়িয়ে তলিয়ে গিয়েছে জলের অতলে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া সেই ধ্বংসলীলার একের পর এক দৃশ্য দেখে গোটা বিশ্ব শিউরে উঠলেও, ঠিক তারই মাঝে ফুটে উঠল এক অবিশ্বাস্য ছবি। চারপাশের সবকিছু যখন কাদার স্রোতে নিশ্চিহ্ন, তখন সেই জলদানবের সামনে বুক চিতিয়ে একা দাঁড়িয়ে রইল একটি দোতলা সবুজ বাড়ি।

ভাইরাল হওয়া একটি রোমহর্ষক ভিডিয়োয় দেখা গিয়েছে, চারপাশ ভাসিয়ে নিয়ে প্রচণ্ড গতিতে ধেয়ে আসছে ঘোলা জলের প্রবল স্রোত। জলের ধাক্কায় খেলনার মতো একের পর এক বড় বড় গাড়ি এসে আছড়ে পড়ছে দোতলা ওই সবুজ বাড়িটির গায়ে। আর সেই বাড়িরই ব্যালকনিতে দাঁড়িয়ে অসহায় চোখে মৃত্যুর রূপ দেখছেন পরিবারের অন্তত তিন সদস্য। চোখের সামনে আস্ত এলাকা তছনছ হয়ে গেলেও, আশ্চর্যের বিষয় হল, স্রোতের এতটুকু ধাক্কা টলাতে পারেনি সবুজ রঙের সেই বাড়িটিকে। দাঁড়িয়ে থেকেছে যেন কোনও অজেয় দুর্গ।

ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। চরম আতঙ্কের মুখে দাঁড়িয়ে থাকা ওই বাসিন্দাদের কী পরিণতি হল, তা নিয়ে তৈরি হয় চরম উৎকণ্ঠা। তবে পরবর্তীতে আরও একটি ভিডিয়ো সামনে আসতেই স্বস্তির নিঃশ্বাস ফেলেন সবাই।

জানা গিয়েছে, বিপর্যয় মোকাবিলা দল দ্রুত পদক্ষেপ করে পরিবারের প্রত্যেক সদস্যকে সম্পূর্ণ সুস্থ ও অক্ষত অবস্থায় উদ্ধার করেছে। জলের তোড় বাড়তেই তাঁরা ছাদে আশ্রয় নিয়ে উদ্ধারের আরজি জানিয়েছিলেন। চারপাশের এই ভয়াবহ শ্মশানপুরীর মধ্যে বাড়িটির টিকে থাকাকে কেউ মজবুত নির্মাণের নমুনা বলছেন, তো কারও মতে প্রকৃতির বুকেই এটি এক নিখাদ মিরাকেল।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা