এন.এম হামিদী বাবু, নীলফামারীঃ ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে ঢেলে সাজানোর কাজ শুরু করেছেন এবং দেশবাসী তার দৃশ্যমান উন্নয়ন দেখতে পাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। সাবেক এই সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য শনিবার (২৯ আগস্ট) দুপুরে নীলফামারী সার্কিট হাউজে জেলা পরিষদ আয়োজিত শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর আহ্বায়ক তুহিন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রযুক্তির সুবিধা কাজে লাগিয়ে একটু মনোযোগী হলেই বড় পরিবর্তন আনা সম্ভব। নীলফামারীতে ভালো মানের শিক্ষাপ্রতিষ্ঠানের অভাব থাকায় স্থানীয় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তিতে পিছিয়ে পড়ছে উল্লেখ করে তিনি জানান, মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার কাজ চলছে। এরই ধারাবাহিকতায় জেলা পরিষদের উদ্যোগে নতুন একটি প্রতিষ্ঠান স্থাপনের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে।
জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, তামান্না ইয়াসমিন এবং জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোখলেসুর রহমান কাজল।
অনুষ্ঠানে জানানো হয়, চলতি বছর এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৩৩৮ জন শিক্ষার্থীর মাঝে দুই হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে। যার মধ্যে প্রথম ধাপে আজ ৮০ জন শিক্ষার্থীর হাতে বৃত্তির চেক তুলে দেওয়া হয়। একই অনুষ্ঠানে ‘উদ্দীপ্ত তরুণ ফাউন্ডেশন’-এর পক্ষ থেকেও জিপিএ-৫ প্রাপ্ত ৫ জন মেধাবী শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
