মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, কুলাউড়া মৌলভীবাজার : তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে মৌলভীবাজারের কুলাউড়ায় ৯৪টি ক্লাব ও ক্রীড়া সংগঠনের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে উপজেলা ক্রীড়া সংস্থা।
রোববার ৩০ আগস্ট সকাল ১১টায় কুলাউড়া উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব আব্দুল মুহিত বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সদস্য আব্দুল কাইয়ুম মিন্টু।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির আহ্বায়ক সানজিদা আক্তার।
তিনি বলেন, খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। কুলাউড়ার বিভিন্ন ক্লাব ও ক্রীড়া সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা করা হবে।
সানজিদা আক্তার আশা প্রকাশ করে বলেন, বিতরণ করা ক্রীড়া সামগ্রী যথাযথভাবে ব্যবহার করা হলে স্থানীয় পর্যায়ে খেলাধুলার পরিবেশ আরও সমৃদ্ধ হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবু মাসুদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান প্রিন্স ও টিম জার্নালিস্টের উপদেষ্টা মোক্তাদির হোসেন।
এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং ৯৪টি ক্লাব ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ক্লাব ও সংগঠনগুলোর মধ্যে ফুটবল, ভলিবল, ভলিবল নেট, দাবা, র্যাকেট, ব্যাডমিন্টন নেট ও শাটল বিতরণ করা হয়।
