শনিবার | সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ মানিকছড়িতে ‘আজকের প্রজন্ম’র ১৫ হাজার বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি উদ্বোধন

মানিকছড়িতে ‘আজকের প্রজন্ম’র ১৫ হাজার বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি উদ্বোধন

আলমগীর হোসাইন, খাগড়াছড়ি : পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং সবুজায়নের লক্ষ্যে খাগড়াছড়ির মানিকছড়িতে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘আজকের প্রজন্ম’এর উদ্যোগে ১৫ হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচি-২৬ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৩০ আগস্ট) বিকেলে মানিকছড়ির গাড়ীটানায় দারুল ইসলাহ্ কারিমিয়া হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে মাদরাসার আঙ্গিনায় বৃক্ষরোপণ ও শিক্ষার্থী এবং স্থানীয়দের মাঝে বিভিন্ন গাছের চারা বিতরণের মধ্যদিয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনের দায়িত্বশীলরা।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদ সদস্য মাওলানা আব্দুল কাদের, ওবায়দুল কাদের, প্রতিষ্ঠাতা সভাপতি কাজী শহিদুল্লাহ ওয়াহেদ, সাংগঠনিক সম্পাদক মুফতী মাঈন উদ্দিন জামীল, শিক্ষক ফিরোজ হাসান চৌধুরী টিটু, আরাফাত মুঈন আরাভী ও মাওলানা মুহাম্মদ ইউসুফ প্রমূখ।

আয়োজকরা জানান, ২০১৫ সালে প্রতিষ্ঠার পর থেকে ‘আজকের প্রজন্ম’ ধারাবাহিকভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষসম্পদ বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণে আগ্রহ সৃষ্টি করতে এবার ১৫ হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও জনবহুল এলাকায় চারা রোপণের পাশাপাশি স্থানীয়দের মাঝে চারা বিতরণ করা হবে। একই সঙ্গে রোপণ করা গাছগুলোর যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে একটি বিশেষ তদারকি কমিটি গঠন করা হবে বলেও জানান আয়োজকেরা।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা