ভালুকা, প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় প্রায় ২০০ ফুট উচ্চতার নবনির্মিত উচ্চ ভোল্টেজ বিদ্যুতের টাওয়ারের চূড়ায় উঠে এক যুবকের দুঃসাহসিকভাবে চলাফেরা ও নানা কর্মকাণ্ডে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রায় সাত ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানের পর অক্ষত অবস্থায় ওই যুবককে নিচে নামিয়ে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস ও পুলিশ।
রোববার (৩০ আগস্ট) উপজেলার কাচিনা ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে।
উদ্ধার হওয়া যুবকের নাম মো. সাগর মিয়া (৩৩)। তিনি ময়মনসিংহের নান্দাইল উপজেলার উত্তর তারাপাশা গ্রামের মৃত: জনাব আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২০০ ফুট উচ্চতার নবনির্মিত উচ্চ ভোল্টেজ বিদ্যুতের টাওয়ারের চূড়ায় উঠে সাগর মিয়া অনায়াসে চলাফেরা করছিলেন। এ সময় স্থানীয় কয়েকজন কৃষক বিষয়টি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন। পরে তারা দ্রুত ভালুকা ফায়ার সার্ভিস ও ভালুকা মডেল থানায় খবর দেন।
সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। টাওয়ারের উচ্চতা ও বিদ্যুৎ লাইনের ঝুঁকির কারণে শুরু হয় সতর্কতার সঙ্গে উদ্ধার অভিযান। স্থানীয়দের সহযোগিতায় দীর্ঘ প্রায় সাত ঘণ্টার প্রচেষ্টার পর অক্ষত অবস্থায় সাগর মিয়াকে টাওয়ারের চূড়া থেকে নিচে নামিয়ে আনতে সক্ষম হয় উদ্ধারকারী দল।
ঘটনাটি দেখতে ঘটনাস্থলে স্থানীয় উৎসুক জনতার ভিড় জমে যায়। দীর্ঘ সময় ধরে টাওয়ারের চূড়ায় যুবকের অবস্থান ও পরে নিরাপদে উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে আসে।
তবে কী কারণে ওই যুবক প্রায় ২০০ ফুট উচ্চতার বিদ্যুতের টাওয়ারে উঠেছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে।
