শনিবার | সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ শায়েস্তাগঞ্জে অবৈধ ফার্নিচারসহ বড় ট্রাক আটক

শায়েস্তাগঞ্জে অবৈধ ফার্নিচারসহ বড় ট্রাক আটক

মোহাম্মদ ইনজামামুল হক (নাঈম) শায়েস্তাগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অবৈধ ফার্নিচারবোঝাই একটি বড় ট্রাক আটক করেছে বন বিভাগ। সোমবার (৩১-আগস্ট) ভোররাত ৪টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের লস্করপুর ফরেস্ট চেক স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। শায়েস্তাগঞ্জ ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মো. তোফায়েল আহমেদ চৌধুরীর নেতৃত্বে নিয়মিত টহলের সময় ট্রাকটি আটক করা হয়। বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট থেকে ঢাকাগামী একটি ফার্নিচারবোঝাই ট্রাক লস্করপুর ফরেস্ট চেক স্টেশনে পৌঁছালে সেখানে দায়িত্বরত স্টাফরা ট্রাকটি থামানোর চেষ্টা করেন। এ সময় চালক দ্রুতগতিতে ট্রাকটি নিয়ে হবিগঞ্জ বাইপাসের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

পরে চেক স্টেশনের কর্মীরা মোটরসাইকেলে ট্রাকটির পিছু নেন। একপর্যায়ে শায়েস্তাগঞ্জ ফরেস্ট রেঞ্জ অফিসের সামনে ঢাকা মেট্রো-ট-২২-১৪৪০ নম্বরের ট্রাকটি আটক করা হয়। আটক ট্রাকটি ত্রিপল দিয়ে ঢাকা ছিল। এতে বক্সখাট, সোফাসেট, ডাইনিং টেবিল, চেয়ার, ওয়াল শোকেসসহ বিভিন্ন ধরনের ফার্নিচার ও কাঠজাত সামগ্রী পাওয়া যায়। বন বিভাগের কর্মকর্তাদের সন্দেহ হলে ফার্নিচার পরিবহনের বৈধ কাগজপত্র দেখতে চাওয়া হয়। তবে ট্রাকের চালক বা সংশ্লিষ্টরা এসব মালামালের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি।

পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় ট্রাক ও ফার্নিচার গুলো শায়েস্তাগঞ্জ ফরেস্ট রেঞ্জ অফিসে নিয়ে হেফাজতে রাখা হয়েছে। শায়েস্তাগঞ্জ ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মো. তোফায়েল আহমেদ চৌধুরী বলেন, সিলেট বিভাগীয় বন কর্মকর্তার (ডিএফও) নির্দেশনায় সংরক্ষিত বন ও বনজ সম্পদ রক্ষায় নিয়মিত টহল এবং বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধ কর্মকাণ্ডের খবর পাওয়া মাত্রই আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বন উজাড়কারী চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও জানান, বনাঞ্চল থেকে অবৈধভাবে গাছ, কাঠ ও বাঁশ পাচার রোধে বন বিভাগের তৎপরতা জোরদার করা হয়েছে। এ ঘটনায় আটক ট্রাক ও মালামাল নিয়ে বন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে বন বিভাগ সূত্রে জানা গেছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা