মজিবর রহমান, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্কুলে যাওয়ার পথে এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্ত যুবক মাহাবুর রহমান (২৪) নাগেশ্বরী পৌরসভার গোদ্ধারের পাড় এলাকার ইছহাক আলীর ছেলে। সোমবার সাড়ে ১১ টার দিকে নাগেশ্বরী ডিএম একাডেমি বিদ্যালয়ে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) বদরুজ্জামান রিশাদ।
ডিএম একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম আনিছুর রহমান জানান, শ্লীলতাহানীর শিকার স্কুল ছাত্রী সোমবার পৌনে ১০ টার দিকে বাড়ি থেকে স্কুল আসার পথে কাজী মার্কেটের আজিজ সুপার মার্কেটের সামনে যুবক মাহাবুর ওই স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির করে। এ সময় আশপাশের লোকজন তাকে আটক করে বেধে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে তাকে আটক করে স্কুলে নিয়ে আসে। পরে ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের কারাদন্ড দেয়া হয়।এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) বদরুজ্জামান রিশাদ বলেন,ছাত্রীর শ্লীলতাহানির বিষয়টি প্রমানিত হওয়ায় অভিযুক্ত যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
