মোঃ আশিকুর রহমান, আজমিরীগঞ্জ : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে আজমিরীগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক “নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। রোজ সোমবার, (৩১-আগস্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভারপ্রাপ্ত মো. জসিম উদ্দিন চৌধুরী।
সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকবাল হোসেন, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আকবর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ নূরুল হুদা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ রফিকুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা হাসিবুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোহন মিয়া তালুকদার, পৌর বিএনপির সভাপতি নেকদার আলী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খালেদুর রশিদ ঝলক, পৌর যুবদলের আহ্বায়ক দিলোয়ার হোসেন দিলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোজাম্মিল হক, ছাত্রদল নেতা দিপু হাসানসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে ইউএনও ভারপ্রাপ্ত মো. জসিম উদ্দিন চৌধুরী প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
উপজেলা প্রশাসনের ঘোষিত সিডিউল অনুযায়ী পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে শিক্ষার্থীরা নজরুলের সাহিত্য, সংগীত ও সংস্কৃতিভিত্তিক বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সৃষ্টিকর্মের সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করার পাশাপাশি তাদের মধ্যে দেশপ্রেম, মানবিকতা ও অসাম্প্রদায়িক চেতনা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
