মো: আব্দুল জব্বার, ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি : ফুলবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ফুলবাড়ীয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি আখতারুল আলম ফারুক বলেন, ফুলবাড়িয়া পৌর সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী ৬০/৬৫ বছরের অতি পুরাতন ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এটি। বিগত দিনে এই প্রতিষ্ঠানে কোন প্রকার উন্নয়ন কাজ হয়নি- এটা অত্যন্ত দুঃখজনক। তিনি বলেন, সভাপতি হিসেবে আমি আগামী দিনে এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন সহ সার্বিক উন্নয়নে কাজ করে যাবো। তিনি আরো বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ শুরু হলে আমি মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে কথা বলে এ বিদ্যালয়কে জাতীয়করণের অন্তর্ভুক্ত করার চেষ্টা করবো।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে বিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এডহক কমিটির প্রথম সভায় সভাপতির বক্তব্যে আখতারুল আলম ফারুক এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মো: রুহুল আমিন, সহকারী প্রধান শিক্ষক পরভীন আখতার রেবা, অভিভাবক সদস্য সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ আনোয়ার হোসেন বাদশা, সাধারণ শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ নাজমুল হুদা, থানা বিএনপির যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম বাদল, জাকির হোসেন খান বাপ্পি, পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ন-আহ্বায়ক, সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র আবুল ফজল, বাক্তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আতিকুর রহমান খান, যুগ্ম-আহ্বায়ক মাসুদ আলম খান, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন মীর সহ প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী ও অন্যান্য নেতৃবৃন্দ।
নবগঠিত এরকম কমিটির সভাপতি আখতারুল আলম ফারুক বিদ্যালয়ে পৌঁছলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
