শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা উত্তরায় টাকার প্রলোভন ও ‘শয়তানের নিঃশ্বাস’ দিয়ে স্বর্ণালঙ্কার লুট, নতুন আতঙ্কের নাম চোর-ডাকাত চক্র

উত্তরায় টাকার প্রলোভন ও ‘শয়তানের নিঃশ্বাস’ দিয়ে স্বর্ণালঙ্কার লুট, নতুন আতঙ্কের নাম চোর-ডাকাত চক্র

মোঃ মনজুর মোল্লা : রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরে ঘরের গেটের সামনে টাকা ফেলে রেখে এবং কলিং বেল বাজিয়ে এক অভিনব ও ভীতিজনক পদ্ধতিতে সর্বস্ব লুটে নেওয়ার খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, চক্রটিতে একজন নারী ও তিনজন পুরুষ সদস্য সক্রিয় ছিল। অপরাধীরা প্রথমে উত্তরার ৭ নম্বর সেক্টরের একটি বাসাবাড়ির মূল গেটের সামনে কিছু নগদ অর্থ ফেলে রেখে যায় এবং কলিং বেল বাজায়। বাসার লোকজন বেল শুনে গেট খুললে সেখানে ফেলে রাখা টাকা দেখে স্বাভাবিকভাবেই বিভ্রান্ত হন।
ঠিক সেই সুযোগে চক্রের সদস্যরা কথা বলার ছলে চেতনা নাশক বিশেষ কেমিক্যাল— যা জনমনে ‘শয়তানের নিঃশ্বাস’ (স্কোপোলামিন) নামে পরিচিত— প্রয়োগ করে। কেমিক্যালের প্রভাবে মুহূর্তের মধ্যেই গৃহকর্তা বা বাসিন্দারা তাদের মানসিক ও শারীরিক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর অপরাধীরা ঘরে প্রবেশ করে যাবতীয় স্বর্ণালঙ্কার ও মূল্যবান সামগ্রী লুট করে নির্বিঘ্নে চম্পট দেয়।

এ ধরনের অভিনব জালিয়াতি ও ডাকাতির ঘটনায় উত্তরা এলাকার অধিবাসীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাইবার ও অপরাধ বিশেষজ্ঞরা এ বিষয়ে সর্বসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

জনসাধারণের জন্য জরুরি সতর্কতা:
অপরিচিতদের ক্ষেত্রে গেট না খোলা: কলিং বেল বাজলে আগে সিসিটিভি ক্যামেরা বা ইন্টারকমের মাধ্যমে নিশ্চিত হুন, তারপর দরজা খুলুন।

গেটের সামনে পড়ে থাকা জিনিস থেকে সাবধান: মূল ফটক বা দরজার সামনে নগদ টাকা, মানিব্যাগ কিংবা কোনো আকর্ষণীয় বস্তু পড়ে থাকতে দেখলে না বুঝে হাত দেবেন না বা লোভের বশে সঙ্গে সঙ্গে দরজা খুলবেন না।
মাস্ক ও দূরত্ব বজায় রাখা: দরজায় অচেনা কেউ এলে সরাসরি মুখের সংস্পর্শ এড়াতে কিছুটা দূরত্ব বজায় রাখুন।
আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা: কোনো সন্দেহজনক ব্যক্তি বা দলকে বাড়ির আশেপাশে ঘুরঘুর করতে দেখলে অবিলম্বে স্থানীয় থানা অথবা ৯৯৯-এ কল করুন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা