ভালুকা প্রতিনিধি: ভালুকা সাব-রেজিস্ট্রার অফিসের সাবেক সভাপতি ও ধীতপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলামকে ‘খুনি’ আখ্যা দিয়ে সম্প্রতি প্রকাশিত একটি সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছে তার পরিবার।
পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, শফিকুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত সংবাদে যে সব গুরুতর অভিযোগ করা হয়েছে, সেগুলো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, কাল্পনিক ও উদ্দেশ্যপ্রণোদিত। তাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে এসব তথ্য প্রচার করছে বলে পরিবারের অভিযোগ।
প্রকাশিত প্রতিবেদনে শফিকুল ইসলামের ব্যক্তিগত ও পারিবারিক জীবন এবং ১৯৯৫ সালের একটি হত্যাকাণ্ডের সঙ্গে তাকে জড়ানোর যে অভিযোগ করা হয়েছে, তারও তীব্র প্রতিবাদ জানিয়েছে পরিবার। তাদের দাবি, এসব অভিযোগের পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ বা আইনগত ভিত্তি নেই।
পরিবারের সদস্যরা বলেন, “শফিকুল ইসলামকে হেয় করা এবং তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই সম্পূর্ণ কাল্পনিক ও মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে। আমরা এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
তারা আরও বলেন, কারও বিরুদ্ধে হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলে তা অবশ্যই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত, আদালতের নথি ও নির্ভরযোগ্য প্রমাণের মাধ্যমে যাচাই করা উচিত। কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়া একজন ব্যক্তিকে ‘খুনি’ হিসেবে আখ্যায়িত করা তার সামাজিক মর্যাদা ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করার শামিল।
পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের কাছে প্রকাশিত অভিযোগগুলোর যথাযথ যাচাই-বাছাই এবং তাদের বক্তব্য গুরুত্বসহকারে প্রকাশের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে শফিকুল ইসলামকে জড়িয়ে কোনো সংবাদ প্রকাশের আগে তার বক্তব্য নেওয়ারও আহ্বান জানিয়েছেন পরিবারের সদস্যরা।
পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর কোনো অপপ্রচার অব্যাহত থাকলে তারা প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টিও বিবেচনা করবেন।
