ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ১৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২০ বোতল বিদেশি মদ ও ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এসব ঘটনায় এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। একই সঙ্গে দুটি কাঠের বোট জব্দ করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
কোস্ট গার্ড সূত্র জানায়, মিয়ানমার থেকে নাফ নদী হয়ে আইসের বড় দুটি চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে-এমন তথ্যের ভিত্তিতে বুধবার রাত ১টা থেকে ৩টা পর্যন্ত টেকনাফ ও শাহপরীর দ্বীপ স্টেশনের সদস্যরা জালিয়ার দ্বীপ এবং জালিয়াপাড়া সংলগ্ন এলাকায় অভিযান চালান।
অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা দুটি কাঠের বোট জালিয়ার দ্বীপের প্যারাবন ও জালিয়াপাড়া সংলগ্ন কেওড়া বনে রেখে পালিয়ে যায়। পরে বোট দুটিতে তল্লাশি চালিয়ে চায়ের প্যাকেটের ভেতরে বিশেষ কায়দায় মোড়ানো ১৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস) এবং ২০ বোতল বিদেশি মদ পাওয়া যায়।
এদিকে, গত ১ সেপ্টেম্বর রাত ১০টার দিকে উখিয়ার পালংখালী পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল। সেখানে সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, উদ্ধার করা মাদক ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি বোট দুটির মালিক এবং এসব মাদক পাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা চালানো হচ্ছে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে বলা হয়েছে, মাদক পাচার ও বিস্তার ঠেকাতে সীমান্ত ও উপকূলীয় এলাকায় তাদের অভিযান অব্যাহত থাকবে।
