আন্তর্জাতিক ডেস্ক : মিশরের দক্ষিণ সিনাই প্রদেশে এক ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২৮ জন।
দেশটির স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বুধবার এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয় জানায়, বুধবার সকালে সিনাই উপদ্বীপের পূর্ব উপকূলে দাহাব থেকে নুয়েইবা যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। লোহিত সাগরের তীরবর্তী এই এলাকাটি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসাম আবদেল গাফফার জানিয়েছেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই আহতদের উদ্ধার ও প্রাথমিক চিকিৎসার জন্য ঘটনাস্থলে ২০টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়।
এদিকে, আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট চিকিৎসা কেন্দ্রগুলোকে জরুরিভিত্তিতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী খালেদ আবদেল গাফফার। তিনি প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবারহ নিশ্চিত করারও তাগিদ দিয়েছেন।
মিশরে সড়ক দুর্ঘটনা একটি নিয়মিত বিষয়। দেশটির সরকারি পরিসংখ্যান সংস্থার তথ্য অনুযায়ী, গত বছর দেশজুড়ে সড়ক দুর্ঘটনায় প্রায় ৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে।
এর আগে গত মাসেও উত্তর-পূর্বাঞ্চলীয় ইসমাইলিয়া প্রদেশে এক সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছিলেন।
