আলমগীর হোসেন খাগড়াছড়ি : ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে খাগড়াছড়ির মানিকছড়িতে ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে রাজশ্যামা কেন্দ্রীয় কালী মন্দির হতে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। নানা স্লোগানে শোভাযাত্রাটি মানিকছড়ি বাজার সড়ক হয়ে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে উপজেলা চত্ত্বর প্রদক্ষিণ শেষে আবারো কেন্দ্রীয় মন্দির এসে শেষ হয়।
এতে অংশ নেন উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব, সহ-সভাপতি জয়নাল আবেদীন, যুগ্ম সম্পাদক আবুল কাশেম চেয়ারম্যান, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি প্রিয়তোষ নাথ, সাধারণ সম্পাদক বিশেশ্বর মল্ল বিষু, উপজেলা সনাতন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি ডা. মিলন কান্তি দে, সাধারণ সম্পাদক সঞ্জয় দেব নাথ, অবসরপ্রাপ্ত শিক্ষক ও সনাতন নেতা অজিত কুমার নাথসহ বিভিন্ন মঠ, মন্দিরের পুরহিত, সকল মন্দিরের পরিচালনা পর্যদের সদস্যবৃন্দ ও সহস্রাধিক ভক্তবৃন্দ।
শোভাযাত্রা শেষে মন্দির প্রাঙ্গণে অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব। সন্ধ্যায় চৈতন্য দাস বাবাজী মহারাজের পৌরহিত্যে অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞের শুভ অধিবাস সম্পন্ন হয়।
