বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ আটক ৩

টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ আটক ৩

ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ২০ হাজার পিস ইয়াবা ও মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা বিভিন্ন ধরনের ওষুধসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে দুজন মিয়ানমারের নাগরিক এবং একজন বাংলাদেশি।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, রোববার ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানার নাইট্যংপাড়া এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা ও মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা বিভিন্ন ধরনের ওষুধ উদ্ধার করা হয়। এ সময় দুই মিয়ানমারের নাগরিককে আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, তারা মিয়ানমার থেকে নাফ নদী সাঁতরে ইয়াবার চালান নিয়ে বাংলাদেশে প্রবেশ করে ওই বাড়িতে অবস্থান করছিলেন। বাড়ির মালিকের নেতৃত্বে ইয়াবাসহ বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ এবং বাংলাদেশ থেকে মিয়ানমারে অবৈধভাবে ওষুধ পাচারের পরিকল্পনা ছিল তাদের।

পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই বাড়ির মালিক বাংলাদেশি এক মাদক কারবারিকেও আটক করা হয়।

জব্দ করা ইয়াবা, ওষুধ ও আটক তিনজনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা