এইচ এন আলম, কক্সবাজার : কক্সবাজার শহর ও আশপাশের ইউনিয়ন এলাকায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে চোর-ছিনতাইকারী ৮ জন, মাদকসেবী ১২ জন, ওয়ারেন্টভুক্ত আসামি ৩ জন, ধর্তব্য অপরাধে ১ জন এবং নিয়মিত মামলায় ১ জন রয়েছেন।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িতদের পাশাপাশি আদালতের ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার করা হয়।

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে আটক ২৫
চোর-ছিনতাইকারী হিসেবে গ্রেপ্তার ৮ জন হলেন—মো. সাদ্দাম হোসেন (৩৬), মো. আরিফ (২০), মো. জাকির হোসেন (২৪), তালেব মাহমুদ বাবুল (৩২), ইরফান ফারদিন প্রকাশ ইরফান মোহাম্মদ (২২), মো. ইয়াছিন (৩৫), মো. নুরুল আজিম (১৯) ও নুরুল আজম (৩৪)।
মাদকসেবী হিসেবে গ্রেপ্তার ১২ জন হলেন—মুরাদ হাসান প্রকাশ কালু (১৯), ওসমান গণি (৪৫), জিহাদুল ইসলাম (১৯), ইমরান (২০), মো. সাজু (২০), শহীদ প্রকাশ রবি (২০), তারেক জিয়া প্রকাশ লালা (১৯), কেফায়েত উল্লাহ প্রকাশ রকি (২১), মো. জালাল (২০), মো. তারেক (২০), সাইফুল ইসলাম শাউন (২০) ও রোবায়েত (২৪)।
ওয়ারেন্টভুক্ত আসামিরা হলেন—মো. আমান উল্লাহ (৫০), দিদারুল আলম (৩৯) ও ইনতিসার ছিদ্দিকী সাজিম (২৯)।
এ ছাড়া ধর্তব্য অপরাধে মো. ওসমান (১৫) এবং নিয়মিত মামলায় মো. রাকিব (২৭)কে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার চোর-ছিনতাইকারীদের কয়েকজনের বিরুদ্ধে আগের একাধিক মামলা রয়েছে। তাদের মধ্যে ইরফান ফারদিন প্রকাশ ইরফান মোহাম্মদের বিরুদ্ধে দ্রুত বিচার আইন, বিস্ফোরক দ্রব্য আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে। তবে তার বিরুদ্ধে করা একটি মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার পর অব্যাহতি দেওয়ার তথ্যও পুলিশের নথিতে রয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কক্সবাজার শহর ও আশপাশের এলাকায় বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
