মোঃ মনজুর মোল্লা : রাজধানীতে পাওনা টাকা চাওয়ায় শেখ ওয়াসিম রনী (৪৭) নামে এক ব্যক্তিকে নৃশংসভাবে হত্যা ও লাশ গুমের চাঞ্চল্যকর ঘটনায় প্রধান অভিযুক্ত মো. মাসুমকে (৪৩) গ্রেফতার করেছে লালবাগ থানা পুলিশ। গ্রেফতারকৃতের দেয়া তথ্যের ভিত্তিতে হাত-পা বাঁধা ও মুখে পলিথিন পেঁচানো অবস্থায় ভিকটিমের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর শেখ ওয়াসিম রনী নিখোঁজ হলে তার ভাই লালবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরবর্তীতে পুলিশ তথ্যপ্রযুক্তি ও স্থানীয় সূত্রে তদন্ত চালিয়ে মূল সন্দেহভাজন মাসুমকে গ্রেফতার করে। ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখে মাসুম হত্যা ও লাশ গুমের বিষয়টি স্বীকার করে।
জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে (রাত ৩:৪৫ ঘটিকায়) লালবাগের বিসি দাস স্ট্রিটের একটি ভবনের নিচতলার সংকীর্ণ করিডোর থেকে প্লাস্টিকের রশি দিয়ে হাত-পা বাঁধা, মুখে পলিথিন পেঁচানো এবং বালি চাপা অবস্থায় রনীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, মাসুম ভিকটিম শেখ ওয়াসিম রনীর কাছ থেকে তিন মাসের জন্য ৩ লাখ টাকা ধার নিয়েছিল। নির্ধারিত মেয়াদে টাকা ফেরত না দেওয়ায় রনী পাওনা আদায়ের জন্য মাসুমের অফিসে যান। সেখানে মাসুম তার সহযোগীদের নিয়ে পূর্বপরিকল্পিতভাবে রনীকে হত্যা করে এবং ঘটনা ধামাচাপা দিতে লাশ বালি চাপা দিয়ে গুম করে রাখে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ আকতার হোসেন জানান, এ ঘটনায় লালবাগ থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত অপরাপর আসামিদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম অভিযান অব্যাহত রেখেছে
