মোহাম্মদ ইনজামামুল হক (নাঈম) শায়েস্তাগঞ্জ : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে মো. ওমর মিয়া (৭) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার পশ্চিম বড়চর শেখেরহাটি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ওমর মিয়া ওই গ্রামের ক্রোয়েশিয়া প্রবাসী মো. শাহজান মিয়ার ছেলে। সে শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমি অ্যান্ড হাইস্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে ওমর বাড়ির পাশে খেলতে যায়।
একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে শিশুটিকে দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয়। তবে ততক্ষণে তার মৃত্যু হয়। শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমি অ্যান্ড হাইস্কুলের সিনিয়র শিক্ষক মো. আব্দুর রকিব শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেন।
ওমরের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।
স্থানীয়রা জানান, ছোট্ট ওমর ছিল সবার প্রিয়। তার এমন আকস্মিক মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না। একই সঙ্গে শিশুদের পুকুর, ডোবা ও অন্যান্য জলাশয়ের আশপাশে একা যেতে না দেওয়ার জন্য অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা।
