মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, কুলাউড়া, মৌলভীবাজার : টানা বৃষ্টিতে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লস্করপুর,এলাকার গুগালীছড়া নদীর পানি বেড়ে স্থানীয় বাঁধ ভেঙে লোকালয়ে প্রবেশ করছে। এতে আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা। পানি ঠেকাতে স্থানীয় এলাকাবাসী নিজেরাই বাঁধ মেরামত ও পানি প্রবেশ বন্ধের চেষ্টা করছেন।
স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর বর্ষা মৌসুমে গুগালীছড়া নদীর বিভিন্ন স্থানে বাঁধ ভেঙে পানি লোকালয়ে প্রবেশ করে। এতে কৃষিজমি পানিতে তলিয়ে যায়, নষ্ট হয় কৃষকের স্বপ্নের ফসল। একই সঙ্গে, লস্করপুর, জয়পাশা, দানাপুরের বসতবাড়ি, পুকুর ও মাছের ঘের পানিতে প্লাবিত হয়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েন স্থানীয়রা।
এলাকাবাসী জানান, বাঁধ ভাঙনের খবর পেয়ে বিভিন্ন সময়ে সংসদ সদস্য (এমপি), পৌর মেয়র, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বাঁধ মেরামতের উদ্যোগও নেওয়া হয়েছে। কিন্তু সাময়িকভাবে বাঁধ মেরামত করা হলেও স্থায়ীভাবে নদী ও বাঁধের সমস্যা সমাধানে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের।
স্থানীয়দের দাবি, প্রতিবছর বাঁধ ভাঙার পর মেরামতের পরিবর্তে নদীর তীর সংরক্ষণ, টেকসই বাঁধ নির্মাণ ও পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা করা প্রয়োজন। তা না হলে প্রতিবছরই কৃষক ও সাধারণ মানুষকে একই দুর্ভোগ ও ক্ষতির মুখে পড়তে হবে।
কৃষকদের আশঙ্কা, দ্রুত বাঁধের স্থায়ী সমাধান করা না হলে চলতি মৌসুমের ফসলসহ কৃষি জমি, বসতবাড়ি ও পুকুরের মাছের ব্যাপক ক্ষতি হতে পারে। এতে অনেক পরিবারকে আর্থিকভাবে চরম সংকটে পড়তে হবে।
এলাকাবাসীর প্রশ্ন প্রতি বছর বাঁধ ভাঙার পর পরিদর্শন ও সাময়িক মেরামত হলেও স্থায়ী সমাধান হবে কবে? আর কবে গুগালীছড়া নদীর ভাঙন ও পানির ক্ষয়ক্ষতি থেকে পরিত্রাণ পাবেন লস্করপুর এলাকার মানুষ?
স্থানীয়রা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে গুগালীছড়া নদীর বাঁধের স্থায়ী ও টেকসই সংস্কারের দাবি জানিয়েছেন।
