বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ বানিয়াচংয়ে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩ জন

বানিয়াচংয়ে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩ জন

লিটন পাঠান, হবিগঞ্জ : হবিগঞ্জের বানিয়াচংয়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে তাহির মিয়া (৪৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার চালবন হাওরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত তাহির মিয়া উপজেলার খাগাউড়া ইউনিয়নের মৃত তাজিম উল্লাহর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে তাহির মিয়া ও তার ভাই শহীদ মিয়া এবং আনু মিয়াসহ চালবন হাওরে নিজেদের জমির আগাছা পরিষ্কার করতে যান। এ সময় প্রতিবেশী জাহির উল্লাহ, শরীফ, বক্করসহ কয়েকজন তাদের কাজে বাধা দেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়।

একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে তাহির, শহীদ, আনু মিয়া ও স্বপ্না বেগম আহত হন। পরে স্বজনরা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাহির মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত অন্য তিনজন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বলেন, জায়গাজমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে। আমরা বিষয়টি গভীরভাবে তদন্ত করছি এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে৷

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা